আমি মোঃ ফরিদুজ্জামান (৬৬), পিতা: আব্দুল হামিদ মÐল, বাড়ি রাজশাহী জেলার চারঘাট থানায়। আমার নানা এরশাদ আলীর বাড়ি সিরাজগঞ্জ পৌর এলাকার থানা রোডের বাসিন্দা। স্বাধীনতার পর বাবা বাড়ি করেন এই এলাকায়। এখন এটাই আমাদের স্থায়ী ঠিকানা। ১৯৭১ সালে বাবা পুলিশ বিভাগের কর্মকর্তা হিসেবে চাকুরি করতেন। চার ভাই তিন বোনের মধ্যে আমি দ্বিতীয়। মুক্তিযুদ্ধ চলাকালে বড় বৈমাত্রেয় ভাই শফিকুল ইসলাম বাদল নাটোরে থাকতেন। যুদ্ধের শুরুতেই পরিবার থেকে বিচ্ছিহ্ন হয়ে পড়েন তিনি। আমি তখন সুজানগর হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র। মুক্তিযুদ্ধের শুরুতে বাবা পাবনা সদর মহুকুমার সুজানগর থানার সেকেন্ড অফিসার পদে কর্মরত ছিলেন। ওই থানার ওসি ছিলেন মোহসীন মিয়া। আমরা থাকতাম থানার পুলিশ কোয়ার্টারে। পাবনায় পাকসেনা আসে ২৬ মার্চ গভীর রাতে। পুলিশ-ছাত্র-জনতার সঙ্গে তুমুল লড়াই হয় পাকসেনাদের। বিপুল সংখ্যক পাকসেনা জনতার হাতে মারা পড়লে বাকিরা নাটোরের দিকে পালিয়ে যায়। ২৯ মার্চ মুক্ত হয় পাবনা জেলা। এপ্রিলের প্রথম দিকে ঢাকা থেকে আরিচা-নগরবাড়ি হয়ে পাবনার দিকে রওনা দেয় পাকসেনা বাহিনী। এমনি পরিস্থিতিতে হাবিব মিলিটারি নামের এক মুক্তিযোদ্ধা সহ¯্রাধিক লোক নিয়ে ঘোরাও করে সুজানগর থানা। তখন হাবিব আর ওসির মধ্যে মধ্যস্থতা করেন আমার বাবা আব্দুল হামিদ মÐল। বলা হয়, সাধারণ মানুষ যেহেতু অস্ত্র চালাতে জানে না, তাই থানায় কর্মরত আনসার সদস্যরাই এ অস্ত্র নিয়ে যুদ্ধে যাবে। হাবিব এ প্রস্তাব মেনে নেয়। হাবিবের নেতৃত্বে আনসারেরা সুজানগর থানার অস্ত্র নিয়ে চলে যায় মুক্তিযুদ্ধে। ওসি সাহেব আনসারদের বলে দেন যে, থানার কোনও অস্ত্র যেন খোয়া না যায়, তারা যেন কাজ শেষে অস্ত্র নিয়ে এসে থানাতেই জমা করে। পাকসেনারা পাবনা শহর দখলে নেয় ১০ এপ্রিল। তার আগমূহুর্তে পাবনা থেকে ছত্রভঙ্গ হয় মুক্তিযোদ্ধারা। তখন সুজানগর থানার আনসারেরা অস্ত্রগুলো ফিরিয়ে এনে তা অস্ত্রাগারে রেখে সরে পড়ে। ১২ এপ্রিল সুজানগর থানায় আসে পাকসেনারা। তার আগেই আমরা থানা কোয়ার্টার থেকে পালিয়ে যাই গ্রামে। পাকসেনারা সেদিন সুজানগরে গণহত্যা চালিয়ে অন্তত ৯ জনকে হত্যা করে। এ সময় আমাকেও হত্যা করা হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ায় পরিবারের সবাই অস্থির হয়ে পড়ে। পরে পরিবারের সবাইকে খুঁজে পাই। থানায় কোনও পুলিশ না থাকলেও অস্ত্রগুলো পেয়ে তা নিয়ে পাবনা চলে যায় পাকসেনারা। চারদিন পর আবারো পাকসেনারা আক্রমন করে সুজানগরে। সেদিন গণহত্যা চালায় পাশ্ববর্তী ভায়েনা গ্রামে। অন্তত ১১ জন বাঙালিকে হত্যা করে পাকসেনারা। তখন ছোট ভাই ফরহাদুজ্জামান আমাদের থেকে বিচ্ছিহ্ন পড়ে। ফরহাদ মারা গেছে বলে গুজব ছড়িয়ে পড়ে। পরে তাকে খুঁজে পাওয়া যায় অন্য গ্রামে। তার কাছে ছিল আমাদের পরিবারের গহণার পোটলা। সে বুদ্ধি করে গহণার পোটলাটি মাটির নিচে পুঁতে রেখে গিয়েছিল। সেখানে এসে গর্তের মধ্যে পাওয়া যায় সে পোটলাটি।
এদিকে, সকল কর্মচারীদের যোগদানের নির্দেশ জারি হতে থাকে রেডিওতে। সবার সঙ্গে বাবাও পাবনা এসপি অফিসে গিয়ে যোগদান করেন। তাকে আবার পাঠানো হয় শুজানগর থানায়। অন্য সরকারি কর্মচারিরাও কাজে যোগ দেন। গ্রামে গ্রামে ডাকাতি আর পাকসেনার ভয়ে থানা কোয়ার্টারে পরিবারকে নিয়ে আসেন বাবা। কয়েক দিনের মধ্যেই তাকে পাঠানো হয় বেড়া থানার ওসির দায়িত্ব দিয়ে। একই সময়ে সিরাজগঞ্জ সদর থানার অসহযোগ আন্দোলনের সময়ের ওসি বরিশালের মজিবর রহমানকেও দায়িত্ব দিয়ে পাঠানো হয় একই থানায়। তিনি সিনিয়র হওয়ার তাকেই দায়িত্ব নিতে অনুরোধ করেন আমার বাবা। মজিবর রহমান বেড়ার থানার দায়িত্ব নেন। কিন্তু কয়েক দিন পর তাকে ডেকে পাঠানো হয় সেনা ক্যাম্পে, পরে তিনি আর ফিরে আসেন নি। মাস খানেক পরে বেড়া থানার দায়িত্ব নিতে হয় বাবাকেই। একদিন বাবা আমাকে নিয়ে বেড়া বাজারে যান। সেখানে ঘুরতে দেখেন এমপিএ অধ্যাপক আবু সাইয়্যিদের এক ভাস্তেসহ কয়েক জনকে। বাবা আমাকে টাকা দিয়ে ওদের মিষ্টি খাওয়াতে বলেন। আর সাইয়্যিদ সাহেবের ভাস্তের কানে কানে বলতে বলেন যে, এভাবে বাজারে ঘোরাফেরা করা ঠিক না। মিলিটারির হাতে ধরা পড়লে ওসির করার কিছুই থাকবে না। আমিও সে কথা বলে ওদের বিদায় করি। এদিকে বেড়া অঞ্চলে ইপিআর কাদেরের নেতৃত্বে তৎপর হয় একদল মুক্তিযোদ্ধা। একদিন বাবা আমাকে দিয়ে খুব গোপনে কিছু গুলি পৌঁছে দেন মুক্তিযোদ্ধা কাদেরকে। মুক্তিযোদ্ধারা তৎপর হয়ে উঠতে শুরু করে গ্রামাঞ্চলে। তখন বাবা আমাদের পরিবারকে পাঠিয়ে দেন সিরাজগঞ্জে। আমরা দরগা পট্টিতে একটি বাসা ভাড়া নিয়ে থাকতে শুরু করি সেখানে। বড় ভাইয়ের অনুপস্থিতিতে আমি বাবার আর পরিবারের মধ্যে যোগাযোগ রাখতে থাকি। বেড়ায় দুই মাস থাকার পর বাবাকে কাজীপুর থানায় বদলী করা হয়। তিনি সেখানকার দায়িত্ব নেওয়ার পর আমি বাবার ওখানে যাতায়াত করতে থাকি। বাসায় একটি টেলিফোন নেওয়া হয় তার সঙ্গে যোগাযোগ রাখার জন্য। এ সময় সিরাজগঞ্জ মহুকুমা পাকসেনার দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন আরিফ। তার ক্যাম্প কালীবাড়ির গ্যামন্সের (বর্তমান ওয়াপদা) অফিসে। বাবাকে ক্যাপ্টেন আরিফের সঙ্গেই যোগাযোগ রাখতে হতো। পাকসেনারা প্রধানত কালীবাড়ির গ্যামন্সের অফিসে থাকতো। প্রয়োজনে তাদের বিভিন্ন জায়গায় পাঠানো হতো। আর থানায় বা ক্যাম্পে থাকতো পাকিস্তানি মিলিশিয়া, বাঙালি পুলিশ আর রাজাকারেরা। যাইহোক, বাবা কাজীপুরে যোগ দিয়েই এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ করে চলতে থাকেন। কোনও মুক্তিযোদ্ধা গ্রæপের সঙ্গে যোগাযোগ হয়েছিল কিনা তা অবশ্য জানিনা। ৩ ডিসেম্বর রাতে কাজীপুর থানায় হামলা চালায় মুক্তিযোদ্ধারা। পরদিন সকালে মিলিশিয়া, পুলিশ ও রাজকারদের নিয়ে ভাটপিয়ারী চলে আসেন তিনি। সেখানে টেলিফোন স্থাপন করে যোগাযোগ করেন বাসায়। আমাকে বলেন, তিনি খুব ক্ষুধার্ত, সারাদিন কোনও খাওয়া হয়নি। মা বেশ কিছু রুটি বানিয়ে ভাত রান্না করে দেন। আমি ভোরে ভাটপিয়ারী চলে যাই। খেতে বসিয়ে তাকে বলি, ক’দিন আগেই এখানে মুক্তিযোদ্ধারা হামলা চালিয়ে ২১ রাজাকারকে হত্যা করেছে। তাই এখানে ক্যাম্প করা ঠিক হয়নি। তিনি তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে সিরাজগঞ্জে যোগাযোগ করেন। তাকে লোকজন নিয়ে শৈলাবাড়ি ক্যাম্পে যুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়। সেদিনই তিনি মিলিশিয়া, বাঙালি পুলিশ ও রাজাকারদের নিয়ে চলে আসেন শৈলাবাড়ি ক্যাম্পে।
তখন বিপুল সংখ্যক মুক্তিযোদ্ধা এলাকায় তৎপর ছিল। ৯ ডিসেম্বর বিকেলে মুক্তিযোদ্ধারা আক্রমন করে শৈলাবাড়ি ক্যাম্পে। যুদ্ধে একজন মিলিশিয়া নিহত হয়। পরদিন আমি উদ্বিগ্ন হয়ে ছুটে যাই শৈলাবাড়িতে। দেখতে পাই মিলিশিয়ারা উইথড্র করে চলে যাচ্ছে ওই লাশ নিয়ে। মিলিশিয়ার এক সদস্য আমাকে তার কিছু টাকা তার দেশের বাড়িতে মানিঅর্ডার করতে সহযোগিতা করতে বলেন। আমি এ পরিস্থিতিতে -ডাক বিভাগও বন্ধ হয়ে গেছে- বলে জানাই। বাবার সাথে যখন দেখা হয় তখন তিনি ক্যাপ্টেন আরিফের সাথে যোগাযোগ করে চেষ্টা করছেন ক্যাম্প ক্লোজ করার জন্য। কিন্তু ক্যাপ্টেন আরিফ আরো একটু অপেক্ষা করতে বলেন। ১২ তারিখ দুপুরের দিকে ক্যাম্প ক্লোজ করার অনুমতি দেন ক্যাপ্টেন আরিফ। কিন্তু বিকেলের দিকে মুক্তিযোদ্ধারা ঘিরে ফেলে শৈলাবাড়ি ক্যাম্প। তুমুল গোলাগুলি করে তারা। সন্ধ্যার পর থেকে তাদের গুলি কমতে শুরু করে। বিভিন্নœ জনের কাছে যুদ্ধের খবর নিতে চেষ্টা করি। ১৩ ডিসেম্বর সকালে ওই এলাকা থেকে আসা এক লোকের কাছে জানতে পারি যে, যুদ্ধের পর পর সেখানকার পাকসেনা ক্যাম্প কেøাজ করা হয়েছে। খবর পেয়ে ছুটে যাই কালীবাড়ি। সেখানে বাবাকে খুঁজে পেয়ে স্বস্থি পাই। ততক্ষণে কালীবাড়ি ক্যাম্পও ক্লোজ হওয়ার আলামত ফুটে উঠেছে। বাবা রাজাকারদের বেতন দিয়ে দেন। মিলিশিয়া সদস্যরাও বাবার কাছে থেকে বিদায় নেন। দুপুরে বাবা চলে আসেন দরগা পট্টির বাসায়। সেদিন রাতেই পাকসেনারা চলে যায় সিরাজগঞ্জ ছেড়ে, মুক্ত হয় সিরাজগঞ্জ শহর। দুদিন পর ১৬ ডিসেম্বর স্বাধীন হয় বাংলাদেশ। এর কয়েকদিন পর আমার বড় ভাই শফিকুল ইসলাম বাদল আমাদের খুঁজতে চলে আসেন সিরাজগঞ্জে। তিনি শিলিগুড়ির পানিঘাটার প্রশিক্ষণ নিয়ে তুফানি ব্যাটেলিয়ানে যুক্ত হয়ে মুক্তিযুদ্ধ করেছেন। তাদের ব্যাটেলিয়ান বগুড়া পর্যন্ত এলে যুদ্ধ শেষ হয়ে যায়। শেষে তুফানী ব্যাটেলিয়ানে থাকা সিরাজগঞ্জের অন্য মুক্তিযোদ্ধাদের সঙ্গে চলে আসেন আমাদের খুঁজতে। এর কয়েকদিনের মধ্যেই প্রবাসী সরকার মুজিবনগর থেকে ঢাকায় এসে প্রশাসন গোছানোর উদ্যোগ নেয়। সরকারি কর্মচারিদের কাজে যোগদানের নির্দেশ জারি হতে থাকে। ডিসেম্বরের শেষ দিকে বাবা পাবনা এসপি অফিসে যোগদান করেন, এ সময় তার সঙ্গে আমিও গিয়েছিলাম। তাকে পোস্টিং দেওয়া হয় চাটমোহর থানায় সেকেন্ড অফিসার পদে। বাবাকে চাটমোহরে যোগদান করিয়ে আমি চলে আসি সিরাজগঞ্জে। শেষ হয় আমার মুক্তিযুদ্ধের উত্তেজনাকর পর্ব। ফরিদুজ্জামান- ১ কণ্যা ও ১ পুত্র সন্তানের জনক। বর্তমানে অবসর জীবনযাপন করছেন। সাক্ষাৎকার গ্রহণ- ২২ জুন ২০২১ সাল। বিকেলে সিরাজগঞ্জ সদর থানার সামনে চায়ের দোকানে।

সাইফুল ইসলাম- মুক্তিযোদ্ধা, লেখক। সিরাজগঞ্জের গণহত্যা অনুসন্ধান কমিটির আহ্বায়ক।

