নিজের অফিসিয়াল ফেসবুক পেজটি ‘হ্যাক’ হয়েছিল বলে দাবি করেছেন আলোচিত-সমালোচিত সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল। অবশেষে সেটি হ্যাকারদের কাছ থেকে ‘পুনরুদ্ধার’ করতে পেরেছেন বলে জানান ‘সারেগামাপা’খ্যাত এই গায়ক। আর মুছে ফেলা হয়েছে নগর বাউল’খ্যাত রকস্টার জেমসকে উদ্দেশ্য করে লেখা আপত্তিকর পোস্টগুলো।
নোবেল বলেন, ‘কিছুক্ষণ আগেই ফেসবুক পেজটি উদ্ধার করতে পেরেছি। আর কোনো সমস্যা নাই। তবে কারা এটা করেছিল তা জানা সম্ভব হয়নি।’
এর আগে, চাঁদরাত থেকে ঈদের দিন পর্যন্ত ৯ ঘণ্টায় নোবেলের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে মোট ১৭টি পোস্ট দেওয়া হয়। যার মধ্যে ১৪টিই হচ্ছে সরাসরি নগর বাউল জেমসকে উদ্দেশ্য করে। আর বেশিরভাগই ছিল আপত্তিকর মন্তব্য! শুধু তাই না, দেশের আরেক জনপ্রিয় গীতিকার-সুরকার ইথুন বাবুকে নিয়েও আপত্তিকর মন্তব্য করেন নোবেল।
নোবেলের ভেরিফায়েড ফেইসবুক পেজ থেকে এমন বিতর্কিত পোস্ট দেখে অনেকেই অবাক হয়েছে। তার এমন আচরণের কারণে ফেসবুক হয়ে সংগীতাঙ্গনে শুরু হয় নানা সমালোচনা। অবশেষে বিতর্কিত পোস্টগুলো প্রসঙ্গে নোবেল জানান, তিনি হ্যাকিংয়ের শিকার হয়েছেন।
তার ভাষ্য, ‘পেজটি পুরোপুরি বেহাত হয়নি, নিয়ন্ত্রণ আমার হাতেও রয়েছে। আমার পেজের অ্যাডমিন দুই জন; সেই সঙ্গে এডিটরসহ আছেন মোট ২৭ জন। এটা (হ্যাক) একটু উপরের লেভেল থেকে হয়েছে বলে একটু ঝামেলা হয়েছে।’
পোস্ট সরিয়ে দিলে হ্যাকার আরও বাজে কিছু করবে- এমন হুমকিও পেয়েছেন বলে জানালেন নোবেল। তিনি বলেন, ‘আমি যদি পোস্টগুলো ডিলিট করি, তাহলে হ্যাকার আবার পোস্ট করবে এবং পোস্টে গালাগালি শুরু করবে। তাই আমি ভয় পেয়ে পোস্টগুলো ডিলিট করছি না।’ সমস্যা সমাধানে আইটি বিশেষজ্ঞদের সঙ্গে ইতিমধ্যেই কথা বলেছেন নোবেল। তবে তার এই দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেকেই।

