ঈদের তিন দিন ছুটির পর বাড়তি বন্ধ নয়

আসন্ন পবিত্র ঈদুল ফিতরে সরকারি ছুটি থাকবে তিন দিন। এর বাইরে সরকারি-বেসরকারি কোনো প্রতিষ্ঠান নিজস্ব উদ্যোগে অতিরিক্ত ছুটি দিতে পারবে না।

আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য সাংবাদিকদের জানান। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, অতিরিক্ত কোনো বন্ধ দেওয়া যাবে না। সরকার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, কোনো বন্ধ দেওয়া যাবে না। সরকারি বন্ধ এমনি তিন দিন। তিন দিনের দুদিন শুক্র ও শনি পড়ছে। আরেক দিন বৃহস্পতিবার।

সচিব বলেন, বেসরকারি খাতের কোনো প্রতিষ্ঠান, শিল্পকারখানা এই তিনের বাইরে বন্ধ দিতে পারবে না। ফলে বৃহস্পতি, শুক্র ও শনি-এ তিন দিনের বাইরে কোনো বন্ধ থাকবে না।

সরকারের এ সিদ্ধান্তের ফলে তিন দিন বন্ধ থাকবে পোশাকশিল্প খাত। এ বিষয়ে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ সহসভাপতি শহিদুল্লাহ আজিম গণমাধ্যমকে বলেন, ‘সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে সরকার এই উদ্যোগ নিয়েছে। এতে আমাদের কোনো সমস্যা নেই।‘

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত এবং পরে ২ দিন বিধিনিষেধ বাড়িয়ে দেওয়া হলেও তা খুব একটা কার্যকর হয়নি। ফলে ১৪ এপ্রিল থেকে শুরু হয় এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ। এটি বাড়িয়ে ২৮ এপ্রিল পর্যন্ত করা হয়। যদিও শপিং মল খোলাসহ বেশকিছু বিষয়ে বিধিনিষেধের শর্ত শিথিল করে সরকার। সবশেষ ২৮ এপ্রিল বিধিনিষেধের সময় ৫ মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। আজ তা ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.