সুন্দরবনে নিখোঁজ হওয়া তিনজনের মধ্যে দুজনের লাশ উদ্ধার

সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে নিখোঁজ তিন বাংলাদেশির মধ্যে দুজনের লাশ পাওয়া গেছে বলে জানা গেছে। বনের ভারত সীমান্তে সীমাখালী নামক খাল থেকে লাশ দুটি উদ্ধার করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ শুক্রবার বিকেলে সীমান্ত সূত্রে বিষয়টি জানা গেছে।

তবে নিহতরা বাঘের আক্রমণে নাকি বিএসএফ’র গুলিতে নিহত হয়েছে সে বিষয়টি স্পষ্ট নয়। নিহতরা হলেন-সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পশ্চিম কৈখালী গ্রামের কফিলউদ্দিনের ছেলে রতন (৪২) ও একই গ্রামের মনু মিস্ত্রির ছেলে মিজানুর রহমান (৪০)।

এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাতক্ষীরার নীলডুমুর ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইয়াসিন চৌধুরী জানান, সুন্দরবনের ভারতের অংশে বাংলাদেশি দুই ব্যক্তি বাঘের আক্রমণে নিহত হয়েছেন এমনটি জানা গিয়েছিল। তবে তাদের মৃত্যু বাঘের আক্রমণে, না গরু পাচারের সময় বিএসএফের গুলিতে হয়েছ-, তা এখনো স্পষ্ট নয়।

তিনি জানান, ঘটনার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। এ বিষয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের চেষ্টা চলছে।

গত বুধবার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের রতন (৩৫) মিজানুর (৩৯) ও আবু মুছা (৪০) কাঁকড়া ধরতে সুন্দরবনে প্রবেশ করেন বলে জানা যায়। পরেরদিন বৃহস্পতিবার রাত আটটার দিকে রতনের স্বজনদের কাছে মোবাইলে আবু মুসা জানায়, বিকেলে বনের মধ্যে তালপট্টি এলাকায় খালে কাঁকড়া ধরার সময় রতন ও মিজানুরের ওপর বাঘ ঝাঁপিয়ে পড়ে।

এ সময় সে (মুছা) দৌঁড়ে বনের ভেতর উঁচু গাছের মগডালে উঠে আত্মরক্ষা করে। তবে গাছের ডালে ঘণ্টাখানেক অপেক্ষা করে নীচে এসে মিজানুর ও রতনকে আর খুঁজে পায়নি আবু মুছা। ওই ঘটনার পরে মুছার মোবাইল বন্ধ থাকে। তাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.