টেকনাফের ২৩নং রোহিঙ্গা ক্যাম্পের ২৮টি পরিবারের ১১০জন নারী-পুরুষ ও শিশু দ্বিতীয় দফায় ভাসানচরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে।
সোমবার (২৮ডিসেম্বর) সকাল ১০টায় টেকনাফের শামলাপুর ক্যাম্প থেকে ২৫টি পরিবার এবং অন্যান্য ক্যাম্প থেকে এসে অবস্থানকারী ৩টি পরিবারসহ মোট ২৮টি পরিবারের ১১০জন নারী-পুরুষ ও শিশুকে দুইটি বিশেষ বাসে করে উখিয়া নিবন্ধন কার্যালয়ে নেওয়া হচ্ছে।
জানা যায়, সেখানে নিবন্ধনের পর ভাসানচরে নেওয়ার জন্য ২য় দফার রোহিঙ্গা বহরটি চট্টগ্রাম নেভাল ঘাঁটিতে নেওয়া হবে। সেখান থেকে নৌবাহিনীর বিশেষ শীপে করে ভাসানচরের উদ্দেশ্যে যাত্রা করবেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছেন ।
রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি আবুল হাশেম বলেন, সরকারের আহবানে সাড়া দিয়ে এসব রোহিঙ্গারা স্বেচ্ছায় ভাসানচরের উদ্দেশ্যে যাত্রা করেছে। কেউ বাধ্য করেনি। এ সময় শত শত রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশু রাস্তায় দাড়িয়ে তাদের বিদায় জানান।

