শিল্পকলায় নেয়া হবে আবদুল কাদেরের মরদেহ

জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদের আর নেই। আজ প্যানক্রিয়াসের (অগ্ন্যাশয়) ক্যান্সারে ভুগে মারা গেছেন দেশের নন্দিত অভিনেতা আবদুল কাদের (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শনিবার (২৬ ডিসেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ অভিনেতার পুত্রবধূ জাহিদা ইসলাম জেমি নিশ্চিত করেছেন, আজ মাগরিব নামাজের পর রাজধানীর বনানীতে সমাহিত করা হবে তাকে।

তার আগে রাজধানীর সেগুনবাগিচার শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে মরদেহ নিয়ে যাওয়া হবে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য। বিকেল সাড়ে ৩টা থেকে আবদুল কাদেরকে শ্রদ্ধা জানানো যাবে শিল্পকলা একাডেমিতে, জানালেন জেমি।

তিনি বলেন, দুপুরের আগে হাসপাতাল থেকে আবদুল কাদেরের মরদেহ নিয়ে যাওয়া হবে মিরপুর ডিওএইচএসে। সেখানেই পরিবার নিয়ে বাস করতেন তিনি। ডিওএইচএস জামে মসজিদে বাদ জোহর অনুষ্ঠিত হবে তার প্রথম জানাজা।

‘সেখান থেকে বাবার মরদেহ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নেয়া হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে। দীর্ঘদিন বাবা কাজ করেছেন যাদের সঙ্গে তারা উনাকে শেষ শ্রদ্ধা জানাতে চান’- যোগ করেন জেমি।

এই অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শোবিজে। শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।

‘কোথাও কেউ নেই’ নাটকের চরিত্র ‘বদি’ খ্যাত আবদুল কাদেরের জন্ম মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার সোনারং গ্রামে। তার বাবা মরহুম আবদুল জলিল। মা মরহুমা আনোয়ারা খাতুন। স্ত্রী খাইরুননেছা কাদেরের সঙ্গে সুখের দাম্পত্যে তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। রেখে গেছেন নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী ও বন্ধু স্বজন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.