গণতান্ত্রিক প্রজাতন্ত্রের কঙ্গো ও উগান্ডা সীমান্তের নিকটে আলবার্ট হ্রদে নৌকা ডুবে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন। এ সময় বোটটিতে পঞ্চাশ জন লোক আরোহী ছিলেন।
শুক্রবার (২৫ ডিসেম্বর) উগান্ডার আঞ্চলিক পুলিশ মেরিন অফিসার স্যামুয়েল ওন্যাঙ্গো দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
বার্তা সংস্থা এএফপি বলছে, প্রবল বাতাসের তোড়ে নৌকাটি পানিতে ডুবে যায়। প্রত্যক্ষদর্শীর বক্তব্যের ভিত্তিতে এ তথ্য জানিয়েছে এএফপি।
তবে নৌকায় থাকা অন্তত ২১ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। একজন মেরিন কর্মকর্তা বলেন, হ্রদে নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কম এবং সে কারণে অহরহ এমন ঘটনা ঘটছে।
স্যামুয়েল ওন্যাঙ্গো বলেন, উগান্ডা থেকে নৌকাটি ছেড়ে যাচ্ছিল। পথিমধ্যে দুর্ঘটনার কবলে পড়ে হতাহতের ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় নিখোঁজ থাকা আর কারো বেঁচে ফেরার আশা নেই বলে মনে করছেন উদ্ধারকর্মীরা।

