মিসরের রাজধানী কায়রোর এক হাসপাতালে বড় ধরনের আগুন লেগে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। শনিবারের এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। হাসপাতালটিতে করোনাক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছিল।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার স্থানীয় সময় সকাল নয়টার দিকে মধ্য কায়রো থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে এল অবুর এলাকায় মিছর আল আমাল হাসপাতালে আগুন লাগে।
প্রাথমিক তদন্তের পর ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন লাগার পর বেসরকারি হাসপাতালটি থেকে রোগীদের অপর একটি হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে।
গত সপ্তাহ থেকে মিসরে করোনা সংক্রমণ আবার বাড়তে শুরু করেছে। সে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, শনিবার ১ হাজার ১৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে, মারা গেছে ৪৩ জন। এ নিয়ে মিসরে আক্রান্ত হলেন ১ লাখ ৩১ হাজার ৩১৫ জন, আর মারা গেছেন ৭ হাজার ৩৫২ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞ ও সরকারি কর্মকর্তারা বলছেন, করোনা পরীক্ষার হার কম হওয়ার কারণে আক্রান্ত ও মৃতের ওই সংখ্যা প্রকৃতপক্ষে আরও অনেক বেশি হবে। তা ছাড়া, মন্ত্রণালয়ের হিসাবে বেসরকারি হাসপাতালে পরীক্ষার ফলাফলগুলো অন্তর্ভুক্ত করা হয়নি।

