ভাস্কর্য ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী‘র ব্রিফিং আজ

বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ নিয়ে সৃষ্ট অস্থিরতার সমাধানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দেশের শীর্ষস্থানীয় কওমি আলেমরা বৈঠক করেছেন। আজ মঙ্গলবার মন্ত্রী বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে ব্রিফিং করবেন।

সোমবার (১৫ ডিসেম্বর) রাত নয়টার দিকে এ বৈঠক শুরু হয়ে চলে রাত সাড়ে এগারোটা পর্যন্ত। দেড় ঘন্টার মতো বৈঠকে নেতৃত্ব দেন কওমি মাদ্রাসার সম্মিলিত শিক্ষা বোর্ড- হাইয়াতুল উলইয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান। সেসময় ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মূর্তি নিয়ে ব্যাখ্যা মন্ত্রীর কাছে তুলে ধরেন আলেমরা। একইসঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বিষয়েও আলোচনা করেন তারা।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন- আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ, মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, মাওলানা নূরুল ইসলাম জিহাদী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুসলেহ উদ্দিন গওহরপুরী,গওহরডাঙ্গার মাওলানা রুহুল আমিন ও আম্বর শাহ শাহী মসজিদের খতিব মাওলানা মাজহারুল ইসলাম।

বৈঠকের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু বলেন, ‘বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে মঙ্গলবার মন্ত্রী ব্রিফিং করবেন। তবে কখন বিফ্রিং করবে সেটি ঠিক হয়নি।

গত ৫ ডিসেম্বর রাজধানীর যাত্রাবাড়ী মাদারাসায় শীর্ষ আলেমদের বৈঠক থেকে ৫ দফা প্রস্তাব জানানো হয়। ওই বৈঠক থেকেই সরকারের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত হয়। এদিকে বৈঠকে যোগদানের আগে বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেন, মূর্তির বিষয়ে মন্ত্রীর সঙ্গে বৈঠকে আলাপ করেন তারা।

জানা গেছে, করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রী এখন যেহেতু সরাসরি কোনও সভায় অংশ নেন না, তাই ভাস্কর্য ইস্যু নিয়ে আলেমদের সঙ্গে কথা বলার জন্যে স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্ব দেয়া হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.