লাইফ সাপোর্টেও সাড়া দিচ্ছেন না সৌমিত্র চট্টোপাধ্যায়

ভারতীয় বাংলা চলচ্চিত্রের খ্যাতিমান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থার কোনো উন্নতিই হয়নি। গত ৩০ ঘণ্টার মধ্যে তার শারীরিক অবস্থা আরও অবনতি হয়েছে। তাকে পুরোপুরি লাইফ সাপোর্টে রাখা হয়েছে। কিন্তু তাতেও তিনি ঠিকমতো সাড়া দিচ্ছেন না বলেই হাসপাতাল সূত্র জানিয়েছে।

ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, গতকাল শুক্রবার সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি হয়। তার পর প্রায় ৩০ ঘণ্টা কেটে গেছে। এখনো কোনো রকম উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে না।

চিকিৎসক অরিন্দম কর বলেছেন, ‘আমরা সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি। গত ৪০ দিন ধরে সব রকম প্রচেষ্টা চালিয়েছি। তার অবস্থা আরও সঙ্কটজনক হয়েছে। সৌমিত্রকে নিয়ে এখন অলৌকিকেই ভরসা করতে হবে আমাদের।’

হাসপাতালে আসার জন্য সৌমিত্রর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন চিকিৎসক অরিন্দম কর।

তিন দিন আগেই শ্বাসনালিতে অস্ত্রোপচার হয় এই অভিনেতার। অস্ত্রোপচার সফলও হয়। চিকিৎসকরা জানিয়েছিলেন, তার শরীরের অঙ্গপ্রত্যঙ্গ ঠিকঠাকই কাজ করছে। তবে তিনি খুব দুর্বল। শ্বাসনালিতে অস্ত্রোপচারের পর সৌমিত্রর প্লাজমা থেরাপিও করা হয়।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.