বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, কিশোর গ্রেফতার

বিস্কুটের লোভ দেখিয়ে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পাঁচ বছরের একটি শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে নাঈম হোসেন (১৬) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত নাঈম হোসেন উপজেলার সরকার কান্দি বয়ড়া গ্রামের মো. কালামের ছেলে।

শুক্রবার সন্ধ্যায় শিশুটির বাবা বাদী হয়ে হরিরামপুর থানায় মামলা দায়ের করেছেন। পরে রাত ৯টার দিকে পুলিশ অভিযুক্ত নাঈম হোসেনকে গ্রেফতার করে।

এর আগে বিস্কুটের লোভ দেখিয়ে গত ৮ নভেম্বর সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিশুর বাবা জানান, তিনি ঢাকায় প্রিন্টিং প্রেসে চাকরি করেন। অভিযুক্ত কিশোরের বাড়ি পাশাপাশি হওয়ায় সে প্রায়ই তার বাড়িতে আসা-যাওয়া করতো।

গত ৮ নভেম্বর সন্ধ্যায় অভিযুক্ত কিশোর তার বসত ঘরে প্রবেশ করে শিশুটিকে একা পেয়ে বিস্কুটের লোভ দেখিয়ে ধর্ষণচেষ্টা করে। এ সময় শিশুটি কান্নাকাটি করলে তাকে এ ঘটনা কাউকে না বলার জন্য ভয়ভীতি দেখিয়ে অভিযুক্ত কিশোর চলে যায়।

শিশুটি তাৎক্ষণিক পাশের ঘরে টিভি দেখতে থাকা তার মা ও বড় বোনকে এ ঘটনা জানায়। পরে শিশুটির বাবা বাড়িতে এসে শুক্রবার থানায় মামলা দায়ের করেন।

হরিরামপুর থানার ওসি মো. মুঈদ চৌধুরী বলেন, এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে এবং অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.