বাসে আগুন: বিএনপিকে দোষারোপ করছে সরকার: জিএম কাদের

রাজধানীর বাসে আগুন দেওয়ার ঘটনায় সরকার ও বিএনপির মধ্যে পাল্টাপাল্টি দোষারোপ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেন, ‘ অগ্নিসন্ত্রাসে বিএনপিকে দোষ দিচ্ছে সরকার, বিএনপি বলছে তারা দায়ী নয়। আগুন সন্ত্রাস প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।’

শনিবার (১৪ নভেম্বর) জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে জাতীয় মৎস্যজীবী পার্টির পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

জিএম কাদের বলেন, আস্থা ও নিরাপত্তাহীনতার মাঝে মানুষের কাছে আস্থার রাজনৈতিক শক্তি হচ্ছে জাতীয় পার্টি। দেশের মানুষ চায় জাতীয় পার্টি আরো শক্তিশালী হয়ে মানুষের কল্যাণে দায়িত্ব গ্রহণ করুক। দেশের মানুষ অত্যান্ত আগ্রহ নিয়ে জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে।

তিনি বলেন, জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিতে প্রথম বা দ্বিতীয় শক্তি হিসেবে টিকে থাকতে চায়। জাতীয় পার্টি মানুষের প্রত্যাশা পূরণের সংগ্রাম এগিয়ে নিতে রাজনীতি করছে।

গোলাম মোহাম্মদ কাদের আরও বলেন, রাষ্ট্রপতি শাসিত সরকারের প্রধান হিসেবে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ অনেক সংস্কারমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করেছেন।  ঊপনিবেশিক প্রথা ভেঙে উপজেলা পদ্ধতি প্রবর্তণ করেছেন। ওষুধ নীতি করে বাংলাদেশের ওষুধ শিল্পকে রফতানিমুখী শিল্পে প্রতিষ্ঠিত করেছেন। এখন সবাই অনুধাবন করছেন পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর স্বাস্থ্যনীতি ও শিক্ষানীতি বাস্তবায়ন জরুরি হয়ে পড়েছে।

জাতীয় মৎস্যজীবী পার্টির সভাপতি আজাহার সরকারের সভাপতিত্বে এবং মীর সামসুল আলম লিপটনের পরিচালনায় মতবিনিময় সভায় আরো বক্তৃতা করেন জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব (রংপুর বিভাগ) ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব (চট্টগ্রাম বিভাগ) অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, এমরান হোসেন মিয়া, উপদেষ্টা মন্ডলীর সদস্য ড. নুরুল আজহার শামীম, সরদার শাহজাহান, ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য আহসান আদেলুর রহমান প্রমুখ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.