মানুষের নিরাপত্তার জন্য আ.লীগকে সরাতেই হবে: রিজভী

‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মা-বোন কারো নিরাপত্তা থাকবে না। মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এদের ক্ষমতা থেকে সরাতেই হবে।’

আজ শনিবার (৩ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদলের মানববন্ধনে
এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে নাটকে কটূক্তি করা হয়েছে- এমন অভিযোগ এনে এর প্রতিবাদে আয়োজন করা হয় মানববন্ধনের।

রিজভী বলেন, ‘ছাত্রলীগ-যুবলীগের কর্মকাণ্ডে সারা দেশের মানুষ ছি ছি করছে। তাদের সেই কর্মকাণ্ড ঢাকার জন্য জিয়াউর রহমানের বিরুদ্ধে কটূক্তিমূলক নাটক প্রচার করা হয়েছে। আজ জিয়াউর রহমানকে খাটো করার জন্যই এ নাটক সাজানো হয়েছে। কিন্তু তারা যতই চেষ্টা করুক জিয়াউর রহমানের জনপ্রিয়তা কমাতে পারবে না।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মা-বোন কারো নিরাপত্তা থাকবে না। মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এদের ক্ষমতা থেকে সরাতেই হবে।’

যুবদল সভাপতি সাইফুল আলম নীরবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকুর পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

এছাড়া অন্যদের মধ্যে কর্মসূচিতে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নসহ দলীয় নেতাকর্মীরা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.