পি কে হালদারকে দেশে ফেরা মাত্রই গ্রেপ্তারের নির্দেশ দিল হাইকোর্ট

দেশে ফেরা মাত্র পি কে হালদারকে গ্রেপ্তার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার হাইকোর্টের বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক বেঞ্চ পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) এই আদেশ দেন। আত্মসাতের টাকা উদ্ধারে সহযোগিতা করতে নিরাপদে তার দেশে ফেরার নিশ্চয়তা চেয়ে হাইকোর্টে করা আবেদনের শুনানি নিয়ে এই আদেশ দেয়া হয়।

প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাতের পর বিদেশে পাড়ি জমানো পি কে হালদার (প্রশান্ত কুমার হালদার) আগামী ২৫শে অক্টোবর দুবাই থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ফিরে আসার জন্য টিকিট কেটেছেন। ওইদিন বাংলাদেশ সময় সকাল ৮টায় ফ্লাইটটির হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের (আইএলএফএসএল) সিংহভাগ ঋণের সুবিধাভোগী প্রশান্ত কুমার (পি কে) হালদার।

এর আগে মঙ্গলবার হাইকোর্টের একই বিচারপতির বেঞ্চ এ বিষয়ে শুনানি নিয়ে আদেশের জন্য আজকের দিন ঠিক করেন। আদালতে আজ আইএলএফএসএলের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন। অন্যদিকে, দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান।

আইনজীবীরা জানান, প্রশান্ত কুমার (পি কে) হালদার দেশে ফিরে আসতে পারবেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.