কিছু নতুন ক্রিকেটার পেয়েছি: পাপন

মহামারী করোনাকালীন সময়ে দেশের ক্রিকেটারদের তিনটি দলে ভাগ করে প্রেসিডেন্ট’স কাপ আয়োজনের পরিকল্পনা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দারুণভাবেই সফল হয়েছে বলে মনে করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। গতকাল রোববার (২৫ অক্টোবর) ফাইনাল ম্যাচ শেষে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বললেন, ‘এই টুর্নামেন্টের মাধ্যমে নতুন কিছু ক্রিকেটারও পাওয়া গেছে।’

আসরে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার নজর কেড়েছেন। পেস ডিপার্টমেন্টে তরুণ শরিফুল ইসলাম ও সুমন খান সম্ভাবনাময় পারফর্ম করেছেন। ব্যাটিংয়ে প্রসাংশা কুড়িয়েছেন তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুরের মতো তরুণরা। পাপন বলেছেন আগেই যারা জাত চিনিয়েছেন তারা তো আছেনই, সঙ্গে এই কজন তরুণকেও পাওয়া গেল।

ফাইনাল শেষে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমি ধন্যবাদ দিতে চাই পুরো ম্যানজেমেন্টকে, যারা যেখানে এই টুর্নামেন্টের সঙ্গে জড়িত ছিলেন। অনেক সুন্দরভাবে শেষ হয়েছে এটা। নিয়মিত যেসব খেলোয়াড়দের কাছে আমরা রান আশা করেছিলাম সেটা অবশ্য হয়নি। তবে হয়নি হয়নি করেও মুশফিক তো রান করেছে। লিটন দাস শেষ ম্যাচে গিয়ে রান পেয়েছে।’

বিসিবি সভাপতি বলেন, ‘ইতিবাচক দিক হলো নতুন অনেকে ভাল করেছে। সবচেয়ে ভাল লেগেছে তাসকিন যেভাবে ফিরেছে। একটা সময় ভেবেছিলাম ও হয়ত আর জাতীয় দলে ফিরবেই না। কিন্তু ও খুব ভাল করেছে। রুবেল যাকে নিয়ে আমরা ভাবছিলাম। রুবেল দারুণ বল করেছে। শুধু তাই না সুমন খান নতুন ছেলে দেখছি। ইবাদত ভাল করেছে, আল-আমিন ভাল করেছে। এখানটায় আমরা বেশ কিছু খেলোয়াড় নিয়ে আমাদের যে সন্দেহ ছিল তা ভেঙ্গে গেছে। তারা ফিরেছে।’

তিনি আরও বলেন, ‘ব্যাটিংয়ে দেখেন ইরফান শুক্কুর ধারাবাহিকভাবে রান করেছে। সব ম্যাচে খুব চাপের মধ্যে সে এসে পারফর্ম করেছে। আরেকটা ছেলে তৌহিদ হৃদয়, ও হয়ত আহামরি কিছু করেনি। কিন্তু জুটিতে থেকেছে। মুশফিকের সাথে, ইরফানের সাথে সাপোর্ট দিয়ে গেছে। মাহেদি হাসান। ওকে আগে থেকেই চিনি। অলরাউন্ডার হিসেবে ওর ভাল সম্ভাবনা আছে। ব্যাটিংও করে, বলও ভাল করে। পেস বোলিং আমাদের বড় দুর্বলতা ছিল। এই প্রথম একটা টুর্নামেন্ট দেখলাম যেখানে পেসাররা ভাল করেছে। শরিফুল ভাল করেছে। আমাদের ভাল যারা আছে তো আছেই। নতুন আরও কিছু প্লেয়ার পেয়েছি।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.