রাশিয়া ইতিমধ্যেই করোনার প্রতিষেধক বাজারে এনে ফেলেছে। ভ্যাকসিন তৈরির দৌড়ে অনেকটা এগিয়েছে অক্সফোর্ড এবং অ্যাস্ট্রোজেনেকা। এমনকী চীনও ইঙ্গিত দিয়েছে নভেম্বর মাসেই তাঁদের তৈরি ভ্যাকসিন বাজারে চলে আসবে। স্বাভাবিকভাবেই চাপ বাড়ছে আমেরিকার উপর। এখনও করোনায় বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকা । মার্কিন মুলুকের লক্ষ লক্ষ মানুষ এই ভাইরাসের কবলে পড়েছেন। মৃত্যুও হয়েছে ২ লক্ষের বেশি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাই চাইছেন, যত দ্রুত সম্ভব করোনার ভ্যাকসিন বাজারে এনে ভোটের আগে বড়সড় চমক দিতে।
ট্রাম্প আগেই রাজ্যগুলিকে আগামী ১ নভেম্বর থেকে ভ্যাকসিন বিতরণের প্রস্তুতি শুরুর নির্দেশ দিয়ে রেখেছেন। কিন্তু এবার তিনি যা বললেন তার অর্থ, অক্টোবরের শুরুর দিকে বা মাঝামাঝি সময়েই ভ্যাকসিন তৈরি হয়ে যাবে। মঙ্গলবার টাউন হলে ভোটারদের সঙ্গে এক প্রশ্নোত্তর পর্বে ট্রাম্প বলেন,”আমরা ভ্যাকসিন তৈরির একেবারে দোরগোড়ায়। মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই এটা আমাদের হাতে চলে আসবে। এই ধরুন ২ বা ৩ সপ্তাহ।” মজার কথা হল, একথা বলার কয়েক ঘণ্টা আগেই আরেক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, ভ্যাকসিন তৈরিতে আর ৪ সপ্তাহ সময় লাগবে। সেটাও যদি ধরে নেওয়া যায়, তাও ট্রাম্পের দাবি মতো অক্টোবরের মাঝামাঝিই করোনার ভ্যাকসিন আসার কথা।
শুদ্ধস্বর/আইপি

