ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫০ লক্ষ ছাড়াল। আমেরিকার পর বিশ্বের দ্বিতীয় দেশ হিসাবে ৫০ লক্ষের গণ্ডি পার করল ভারত। বেশ কিছু দিন দৈনিক আক্রান্তের সংখ্যা ৯০ হাজারের বেশি থাকার পর গতকাল ৮৩ হাজারে নেমেছিল। আজ তা ফের ৯০ হাজার পেরলো। সেই সঙ্গে এক দিনে মৃত্যুও প্রায় ১৩০০ ছুঁইছুঁই। তবে গত পাঁচ দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে অনেক বেশি।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় ভারতে ৯০ হাজার ১২৩ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। ওই সময়ের মধ্যে আমেরিকা ও ব্রাজিলে নতুন আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৫০ হাজার ৯৫৬ ও ৩৬ হাজার ৬৫৩ জন। আমেরিকা ও ব্রাজিলের তুলনায় ভারতের দৈনিক সংক্রমণ অনেক বেশি। গত এক মাসেরও বেশি সময় ধরে এই ধারা অব্যাহত রয়েছে।
বুধবার ৯০ হাজার বৃদ্ধির জেরে দেশে মোট আক্রান্ত হলেন ৫০ লক্ষ ২০ হাজার ৩৫৯ জন। প্রথম স্থানে থাকা আমেরিকায় মোট আক্রান্ত ৬৬ লক্ষ ৪ হাজার ও তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে মোট আক্রান্ত ৪৩ লক্ষ ৮২ হাজার। সুত্র। আনন্দবাজার পত্রিকা ।

