ভারতের সঙ্গে সম্পর্ক কখনও দুর্বল হবে না : নৌ প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক। মুক্তিযুদ্ধের সময়ে যে সম্পর্ক তৈরি হয়েছে, সেটি রক্তের সম্পর্ক। আমাদের মুক্তিযুদ্ধের সময়ে ভারতীয়রা আশ্রয় দিয়েছে। ভারতের সাথে বাংলাদেশের যে সাংস্কৃতিক বন্ধন রয়েছে; তা পৃথিবীর আর কোন দেশের সাথে নেই। তাই এ সম্পর্কটি কখনোই দুর্বল হওয়ার নয়। নৌপরিবহন মন্ত্রণালয়ের সাথে ভারতের কিছু চুক্তি, প্রকল্প ও কার্যক্রম রয়েছে। তিনি বলেন, দু’দেশের কানেক্টিভিটি বাড়াতে নৌপথ অন্যতম একটা মাধ্যম হতে পারে। দুই’দেশ আলোচনা করে বিষয়গুলো এগিয়ে নিয়ে যেতে পারে।

প্রতিমন্ত্রী আজ তাঁর অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ি হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাস এর সাথে সাক্ষাত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

রীভা গাঙ্গুলী দাস বলেন, বাংলাদেশের সঙ্গে আমরা খুব ঘনিষ্ঠভাবে কাজ করে থাকি। ভারত-বাংলাদেশের সম্পর্ক বর্তমানে অন্য যে কোন সময়ের চেয়ে ভালো। দুই দেশ কোভিডের মধ্যেও একসাথে কাজ করেছে। এটা সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার কারণেই হয়েছে। দু’দেশের মধ্যে অনেকগুলো চুক্তি হয়েছে। অনেকগুলো প্রকল্প বাস্তবায়ন হবে। দুই দেশের বাণিজ্য গতিশীল হলে বাংলাদেশেরও লাভ হবে, কর্মসংস্থান সৃষ্টি হবে। তিনি বলেন, বাংলাদেশ ভারতের মধ্যে জাহাজ চলাচলের স্ট্যান্ডার্ড অপারেটর প্রসিডিউর (এসওপি) স্বাক্ষরের আলোকে ট্রায়াল ইতোমধ্যে হয়ে গেলো। এখন পরবর্তী কাজ এগিয়ে নিতে কোন অসুবিধা নেই। তিনি জানান, ভারত জরুরি চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা দিচ্ছে। এখন সাবধানে ভিসার বিষয়ে কাজ চলছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.