বিএনপির বক্তব্য খুনিদের পক্ষে: তথ্যমন্ত্রী

‘বিএনপি ও মির্জা ফখরুল সাহেবরা খুন ও খুনিদের পক্ষে বক্তব্য দিচ্ছে’ বলেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্মুদ।

আজ বুধবার (১৯ আগস্ট) সচিবালয় তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে টেলিভিশন নাট্যশিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘ ও দর্শক শ্রোতা পাঠক ফাউন্ডেশনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী একথা বলেন। অভিনয় শিল্পী সংঘের সভাপতি শহিদুজ্জামান সেলিম, সাধারণ সম্পাদক আহসান হাবীব নাসিম, সংঘের সাবেক সভাপতি ও দর্শক শ্রোতা পাঠক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সম্পাদক শহীদুল আলম সাচ্চু-সহ শিল্পী প্রতিনিধিরা সভায় অংশ নেন।

সভার শুরুতেই মন্ত্রী ১৫ আগস্টে শহিদ বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। সাংবাদিকরা এ সময় বিএনপি মহাসচিবের সাম্প্রতিক বক্তব্য ‘ক্ষমতাসীনরা ইতিহাস বিকৃতির অপরাজনীতিতে নেমেছে’ এবং সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্য ‘১৫ আগস্টের ঘটনায় জিয়াকে জড়ানোর চক্রান্ত চলছে’ -এর প্রতি দৃষ্টি আকর্ষণ করলে তথ্যমন্ত্রী বলেন, ‘১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ডের জিয়ার জড়িত থাকাটি স্পষ্ট, ইতিহাস এর সাক্ষী।’

ড. হাছান বলেন, ‘জিয়াউর রহমান যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে ওতপ্রোতভাবে যুক্ত সেটি আজকে দিবালোকের মতো স্পষ্ট। আপনারা জানেন, কর্নেল ফারুক-রশীদ বিবিসি’র সাথে সাক্ষাৎকারে বলেছিল, তারা যখন এই ষড়যন্ত্র শুরু করে, তখন জিয়াউর রহমানের কাছে গিয়েছিল এবং জিয়া তাদেরকে এগিয়ে যেতে বলে। জিয়ার বক্তব্যটা এমনই ছিল- আমি যেহেতু সিনিয়র অফিসার, আমি পর্দার অন্তরালে থাকবো, তোমরা এগিয়ে যাও। আর বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের দণ্ডপ্রাপ্ত আসামী ক্যাপ্টেন মাজেদ, যার দণ্ড কিছুদিন আগে কার্যকর করা হয়েছে, তিনি তার ফাঁসির আগে যে বক্তব্য রেখেছেন, তাতে জিয়াউর রহমান কীভাবে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সাথে যুক্ত ছিল, তা স্পষ্ট হয়েছে।’

জিয়াউর রহমানের কাছে কর্নেল বেগের চিঠির কপি আপনারা হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন, আমার কাছেও আছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘জিয়াউর রহমান যখন রণাঙ্গণে অর্থাৎ মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন, তখন তার কাছে কর্নেল বেগ চিঠি লিখেছে যে- ‘তোমার কাজকর্মে আমরা খুশি এবং তোমার স্ত্রী-পুত্রদের জন্য চিন্তা করিও না, তারা ভালো আছে। মেজর জলিল সম্পর্কে তুমি একটু সতর্ক থেকো। তোমার কাজকর্মের জন্য তুমি পুরস্কৃত হবে’। আমরা পরবর্তীতে দেখতে পেয়েছি সেই কর্নেল বেগ পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান হয়েছিল।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.