বঙ্গোপসাগরে চিনি ও গম বোঝাই দুটি জাহাজ ডুবি, নিখোঁজ ১৩

বঙ্গোপসাগরের হাতিয়া দ্বীপের কাছাকাছি এলাকায় গম ও চিনি বোঝাই দুটি জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। একটি জাহাজের ১২জন নাবিক উদ্ধার হলেও অপর জাহাজের ১৩ জন নাবিক নিখোঁজ রয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকালে চট্টগ্রাম বন্দরের বহিনোঙ্গর থেকে ঢাকায় পণ্য নিয়ে যাওয়ার সময় বৈরি আবহাওয়ার কারণে এই দুটি জাহাজ দুর্ঘটনার শিকার হয় বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, শনিবার সকাল ৮টার দিকে বন্দরের বহিনোঙ্গরের মাদার ভেসেল থেকে ২ হাজার টন আমদানিকৃত গম অনলোড করে ঢাকায় যাওয়ার পথে আবুল খায়ের গ্রুপের গমবাহী জাহাজ এমভি আখতার বানু-১ নামে লাইটার জাহাজটি হাতিয়া দ্বীপের কাছে ঢেউয়ের মধ্যে নিয়ন্ত্রণ রাখতে না পেরে উল্টে গিয়ে ডুবে যায়।

আখতার বানু-১ জাহাজের শিপিং এজেন্ট ‘লিটমন্ড শিপিং’ এর অপারেশন ম্যানেজার জাহিদ হোসেন বলেন, চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে প্রায় ৪০ নটিক্যাল মাইল দূরে হাতিয়া এলাকায় আমাদের একটি জাহাজ ডুবে ১৩ জন নাবিক নিখোঁজ রয়েছেন। জাহাজটিতে ২ হাজার টন আমদানিকৃত গম ছিলো। ‘সকাল থেকেই নিখোঁজ নাবিকদের অনুসন্ধান চলছে। নিখোঁজ নাবিকদের উদ্ধারে কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করছেন।

চট্টগ্রাম কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া বিভাগ থেকে জানানো হয়, ঘটনাস্থলে একটি টিম যাওয়ার চেষ্টা করেও ফেরত আসে। সাগর উত্তাল ও প্রচণ্ড ঢেউ থাকায় ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

এদিকে প্রায় একই সময়ে চট্টগ্রাম বন্দর বহিনোঙ্গর থেকে ২ হাজার টন অপরিশোধিত চিনি নিয়ে ঢাকায় যাওয়ার পথে এমভি সিটি নামের আরো একটি লাইটার জাহাজ হাতিয়ার ভাসানচরের কাছে বঙ্গোপসাগরে ডুবে গেছে। এই জাহাজের ১৩ জন নাবিক নিরাপদে উদ্ধার হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জানায়, সিটি গ্রুপের ওই জাহাজটি চট্টগ্রাম বন্দর থেকে দুই হাজার টন আমদানিকৃত চিনি নিয়ে নারায়ণগঞ্জের রূপসীর দিকে যাচ্ছিল।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.