নব্বই দশকের আলিফ-লায়লার মধুর স্মৃতি

সময়টা এখন করোনার। করোনা যে আমাদের পরিবার, সমাজের  অনেক অভ্যাস বদলে দিয়েছে এটা অস্বীকার করার কোন উপায় নেই। করোনার মাঝে আমি বই পড়ে, পরিবারের সাথে আড্ডা আর টিভি দেখেই বেশিরভাগ সময় পার করছি। টেলিভিশন নামক এই বোকা বাক্সটার সাথে জড়িয়ে আছে আমার শৈশব-কৈশোরের অনেক স্মৃতি।

নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় বিদেশি সিরিয়াল ছিল ‘আলিফ লায়লা’। নব্বইয়ের দশকে ছোটবেলা যারা কাটিয়েছে তারা ‘আলিফ লায়লা‘ দেখেনি এমন সম্ভবনা খুব। আরব্য রজনীর গল্প অবলম্বনে ভারতীয় এ সিরিয়ালে মগ্ন থাকতেন দর্শকরা।

শুক্রবার মানেই ‘আলিফ লাইলা। বেশি দিন আগের কথা নয়। নব্বই দশকের কথা বলছি। যখন বিটিভি ছিল বাংলাদেশের মানুষের বিনোদনের একমাত্র মাধ্যম। তুমুল জনপ্রিয় কিছু ড্রামা-সিরিয়াল তখন প্রচার করা হতো বিটিভিতে।

আমি যখন বেশ ছোট। আমাদের ফ্যান্টাসি জগৎটাও ছিল এখনকার বাচ্চাদের থেকে অনেক আলাদা।   Btvতে তখন সন্ধ্যায় আলিফ লায়লা দেখানো হত। ছোটবেলায় কত পাগল ছিলাম আলিফ লায়লা দেখার জন্য। জ্বীন-পরী, রাজা রানীর অভিনয়। টান টান উত্তেজনা ছিলো। আলিফ লায়লা শুরুর গানের সুরে যখন টান দিতো, বই খাতা ছুড়ে ফেলে দৌড় দিতাম টিভির ঘরে। আর মনের অজান্তেই যেন হয়ে যেত আলিফ লাইলার এক একটি চরিত্র। বোতলবন্দি রাজ কন্যার কান্না দেখে কেউ কেউ ঢুকরে কেঁদে উঠত। আবার একচোখা কেহেরমানের সামনে সিন্দাবাদের সুলেমানি তলোয়ার ঘোরানো দেখে মনের অজান্তেই বলে উঠত বাহ্!

মালিকা শারাফাত, সোফান ইজবা বা তহুরা তখন আলিফ লায়লার বিখ্যাত ক্যারেকটার। আধা ঘন্টার এই ধারাবাহিকের মাঝেই হত বিজ্ঞাপন। কেয়া বা এরোমেটিক সাবান থেকে শুরু করে মোল্লা সল্ট বিজ্ঞাপন শেষে বোম্বের পটেটো ক্র্যাকার্সের বিজ্ঞাপন দিয়ে মঞ্চেরি মিল্ক ক্যান্ডি বা ইউরোকোলার কার্টুনের নাচ, বিশেষ করে বলপেনের বিজ্ঞাপন।

বেশির ভাগ সময়েই রুটিন করে ২০ মিনিটের মাথায় কারেন্ট চলে যেত। আফসোসের শেষ থাকতো না।

জাদুকর সবুজ জ্বীনকে কি বশে এনে ফেললো? সোলেমানী তলোয়ারটা কি রাজকুমার হাতে পেলো? অনেক টেনশন। পরদিন স্কুলে গিয়েই একেকজনের মুখে সেই অদেখা অংশের বর্ণনা শুনতাম, যা দেখছে তাও বলতো, যা হয়নাই তাও বলতো।

বর্তমানের VFX এর যুগে এসব অভিনয়, কাহিনী, সেট আপ সবই ৩য় মানের অথচ আমরা এই সাউন্ড, সবুজ রঙ লাগানো জ্বীনের বাদশা, ঝলমলে ড্রেসের পরীর গল্প দিয়ে সুন্দর ঝলমলে ২টা সময় পার করে আসলাম।

এখনকার বাচ্চাদের আর এই গল্প আকর্ষন করে না, তারা দেখে টিকটকের ১-২ মিনিটের লেইম স্ক্রিপ্টের স্টোরি।

অচিরেই করোনার প্রভাব কাটিয়ে সারা পৃথিবীর সুখ-ছন্দ হারানো মানুষগুলোর জীবনে ভর করুক শৈশব-কৈশোরের সেই নির্মল আনন্দ আর সীমাহীন খুশি।

সবশেষে যা না বললেই নয়, তাহলো পরিস্কার–পরিচ্ছন্নতা বজায় রাখুন। পরিবারের শিশু ও বয়স্কদের যত্ন করুন। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, ঘরে থাকুন, নিরাপদে থাকুন।

20181210_131841

লেখক: আবু জাফর শিহাব(এল এল বি)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.