করোনাভাইরাসের লকডাউনে অস্ট্রেলিয়া থেকে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। দেশটির বিভিন্ন শহরে আটকে থাকা বাংলাদেশিদের দেশে ফিরতে মালয়েশিয়ান এয়ারলাইনসের বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে।
২৮৮ আসনের এয়ারবাস এ ৩৩০-৩০০ মডেলের উড়োজাহাজটি আগামী ৭ মে সিডনি থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। এতে সর্বোচ্চ ২৬০ জন আগে আসলে আগে পাবেন ভিত্তিতে আসন পাবেন। এজন্য আগ্রহী যাত্রীদের নিবন্ধনের আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়ার ক্যানবেরার বাংলাদেশ হাইকমিশন।
বাংলাদেশ হাইকমিশনের ই-মেইলে বলা হয়েছে, বর্তমান করোনাভাইরাসের কারণে অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে বিমান চলাচল বন্ধ রয়েছে। এ পরিস্থিতিতে বাংলাদেশের কিছু নাগরিক অস্ট্রেলিয়ায় আটকা পড়েছেন। তাঁদের ফিরিয়ে নিতে একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে অস্ট্রেলিয়ার ক্যানবেরার বাংলাদেশ হাইকমিশন।
মালয়েশিয়ান এয়ারলাইনস’র একটি বাণিজ্যিক বিমানের এই বিশেষ ফ্লাইটটি ৭ মে রাতে সিডনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। যাঁরা ইতিমধ্যে হাইকমিশনে নিবন্ধনভুক্ত হয়েছেন, তাঁদের ই-মেইল বার্তায় প্রস্থানের তারিখ, টিকিটের মূল্য এবং অন্যান্য ব্যবস্থার বিস্তারিত তথ্য জানানো হয়েছে।
টিকিট সমন্বয়ের দায়িত্বে রয়েছে মেলবোর্নভিত্তিক সংগঠন ভিবিসিএফ (ভিক্টোরিয়ান বাংলাদেশি কমিউনিটি ফাউন্ডেশন)। তাদের সঙ্গে মোবাইল: +৬১ ৪৩০ ৯১২ ৭৮৭, ই-মেইল: info@vbcf.com.au এবং মিল্টন ট্রাভেল সেন্টার, মোবাইল: +৬১ ৪৩০ ১১৭ ২৭৪, ই-মেইল: mdkhan@meltontravelcentre.com.au যোগাযোগ করতে বলা হয়েছে।
এ ছাড়া জরুরি প্রয়োজনে দূতাবাসের তিনটি টেলিফোন নম্বরে +৬১৪১০৬১৬৮০৩, +৬১ ৪১৬ ২৮৫০৬৯, +৬১৪৭৬০২৫০৩২ এবং সিডনিতে অবস্থিত বাংলাদেশ কনসুলেট জেনারেলের +৬১৪২৪২৩৭৪২২, +৬১৪৮০২৫৫৬২৮ এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে যাত্রীদের ।
শুদ্ধস্বর/বি এস

