সোনারগাঁওয়ে চুলার আগুনে স্বামী-স্ত্রী দগ্ধ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি বাসায় চুলার আগুন থেকে স্বামী ও স্ত্রী দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। শনিবার ভোরে উপজেলার কাঁচপুর সোনাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধ দম্পতি হলেন আশরাফুল ইসলাম (৩৫) ও রোজিনা আক্তার (৩০)।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার কাঁচপুর সোনাপুর এলাকায় একতলা বাসায় ওই দম্পতি ভাড়া থাকতেন। আশরাফুল মদনপুর এলাকায় একটি কারখানায় সিকিউরিটি গার্ড ও রোজিনা আদমজী গার্মেন্টসে হেলপার হিসেবে চাকরি করতেন। শনিবার ভোরে রোজিনা চুলায় ভাত বসিয়ে বাথরুমে যান। আর তার স্বামী ঘুমিয়ে ছিলেন। তখন হঠাৎ রুমে আগুন ছড়িয়ে পড়ে। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। এসময় বাসায় তারা দু’জনই ছিলেন।

চিকিৎসকদের বরাত দিয়ে হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, আশরাফুলের শরীরের ৭৩ এবং রুজিনার ৬৩ শতাংশ পুড়ে গেছে। তাদের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

আশরাফুলের ভাতিজা আক্তারুজ্জান জানান, তিনি ঢাকায় থাকেন। সকালে দুর্ঘটনার খবর শুনে হাসপাতালে এসেছেন। তাদের বাড়ি রংপুর কোতোয়ালি থানা এলাকায়।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.