দেশে নতুন করে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়নি : আইইডিসিআর

দেশে নতুন করে প্রাণঘাতী করোনো ভাইরাসে আক্রান্ত কোনো রোগী শনাক্ত হয়নি বলে জানিয়েছেন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

সোমবার (০৯ মার্চ) রাজধানীর মহাখালীর আইইডিসিআর কার্যালয়ে ব্রিফ করে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

মহাপরিচালক বলেন, গতকাল বিকেল ৫টা থেকে এ পর্যন্ত হটলাইনে ৫০৯টি ফোন পেয়েছি আমরা। এরমধ্যে ৪৪৯টি করোনা ভাইরাস সংক্রান্ত। পরে চারজনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

তিনি বলেন, যারা বিদেশ থেকে আসছেন, তাদের অবশ্যই ১৪ দিন বাড়িতে থাকতে হবে। পাড়া-প্রতিবেশীর বাড়িতে যাবে না। তবে এটা মনে রাখতে হবে, বিদেশ থেকে এলেই কিন্তু তারা করোনা ভাইরাসে আক্রান্ত না।

মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, বিদেশ ফেরতদের সঙ্গে করোনা ভাইরাস নিয়ে অস্বাভাবিক ধরনের কোনো আচরণ করবেন না। বাড়িওয়ালাদেরও বলব, আপনারা তাদের বাড়িতে থাকতে দিন। না হলে আরও বেশি ছড়াবে। তাদের যদি হোটেলে থাকতে হয়, তাহলে আমাদেরই কিন্তু বেশি ক্ষতি হবে। ভাইরাসটি বাইরে ছড়িয়ে পড়বে যদি তার শরীরে থেকে থাকে। এছাড়া এটাও খেয়াল রাখতে হবে- তারা বিদেশ থেকে আসা মানেই করোনা ভাইরাসে আক্রান্ত নন।

তিনি বলেন, আমরা দক্ষিণ কোরিয়া ইতালি ও ইরানের দিকে নজর রাখছি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.