রমেকে ভর্তি চীন ফেরত শিক্ষার্থীকে ঢাকায় স্থানান্তর

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি হওয়া চীন ফেরত শিক্ষার্থী আল-আমিনকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ২টায় রমেক হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয় স্বজনরা।

সাংবাদিকদের ব্রিফিং করে এ তথ্য জানান রমেক হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক নারায়ণ চন্দ্র।

তিনি জানান, রোববার (৯ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টায় বমি ও শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন চীন ফেরত শিক্ষার্থী আল-আমিন। তাকে রাতেই আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত কিনা তা প্রাথমিকভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে।

এদিকে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা শেষে আইইডিসিআর ও মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী দুপুর পৌনে ২টার দিকে আল-আমিনকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালের উদ্দেশে পাঠানো হয়।

জানা গেছে, লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চলবালা মদনপুর গ্রামের আল-আমিন রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে চীন থেকে দেশে ফেরেন। হু ইয়াং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তিনি। নিজ গ্রামের বাড়িতে পৌঁছানোর পর আল-আমিনের হঠাৎ শ্বাসকষ্ট ও বমি শুরু হলে রাতে তাকে রমেক হাসপাতালে নিয়ে আসে স্বজনরা।

এদিকে এর একদিন আগে শনিবার (৮ ফেব্রুয়ারি) নীলফামারীর ডোমার থেকে তানজীদ হোসেন তীব্র নামে চীন ফেরত আরেক বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়। জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া তানজীদ হোসেন তীব্রর শরীরে আপাতত কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষসহ জেলা প্রসাশন ও সিটি করপোরেশনের পক্ষ থেকে করোনা ভাইরাস নিয়ে গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.