কেপটাউন: গভীর রাতে হাউস পার্টিতে বন্দুকবাজের হামলা। এলোপাথাড়ি গুলিতে এক প্রসূতি সহ প্রাণ হারিয়েছেন অন্তত ১১ জন। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকার ডারবান থেকে ৩০ কিমি দূরে কওয়ামাখুথা শহরে। গুলিবিদ্ধ হয়ে জখম অবস্থায় হাসপাতালে ভরতি আরও তিনজন। সূত্রের খবর, মোট তিনজন বন্দুকবাজ হামলা চালিয়েছিল। তাদের খোঁজে তল্লাশি চলছে। তবে কী কারণে হামলা, তা এখনও স্পষ্ট নয়। তদন্তকারীদের অনুমান, পুরানো শত্রুতার জেরে এই ঘটনা হতে পারে। সংশ্লিষ্ট বাড়ি ও তার পার্শ্ববর্তী এলাকা ঘিরে রাখা হয়েছে। ঘটনাস্থলের কাছেই একটি গাড়িকে পুড়িয়ে দেওয়া হয়েছিল। তার সঙ্গে এই গুলিকাণ্ডের কোনো যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

