ইরানকে শায়েস্তা করতে নতুন দাওয়াইয়ের কথা ভাবছে আমেরিকা। আকাশপথে ‘অবাধ্য’ তেহরানকে জব্দ করতে চাইছে হোয়াইট হাউস। সেই কারণে ইরানের বাণিজ্যিক বিমান চলাচলে রাশ টানার কৌশল নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ইরানের বিমানসংস্থার বিমানকে অবতরণ করার অনুমতি দিলে কঠোর পদক্ষেপ করা হবে বলে বিভিন্ন দেশকে হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা।
আমেরিকার অর্থসচিব স্কট বেসেন্ট সংবাদমাধ্যম সিএনবিসি-কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “গোটা বিশ্বে ইরানের সমস্ত ধরনের বিমান চলাচল বন্ধ করে দেওয়া হবে।” চলতি সপ্তাহ থেকেই এই পদক্ষেপ করা হবে বলে জানান তিনি। কী ভাবে এই ব্যবস্থা কাজ করবে, তার ব্যাখ্যা দিয়ে বেসেন্ট অন্য দেশগুলির উদ্দেশে বলেন, “যদি ইরানের বিমান অবতরণ করতে চায়, নামতে দেবেন না। তাদের টিকিট বিক্র করবেন না। জ্বালানি ভরার সুযোগও দেবেন না। যদি এগুলি না-করেন, তা হলে ডলারে লেনদেনের ব্যবস্থা থেকে বঞ্চিত হবেন।”

