ভোররাতে চলন্ত বাসে হঠাৎ দাউদাউ আগুন, গভীর ঘুমের মধ্যেই জীবন্ত দগ্ধ একের পর এক পর্যটক !

তখন ভোররাত। চলন্ত বাসে গভীর ঘুমে পর্যটকরা। আচমকাই ঘটল বিপত্তি। চলন্ত বাসে দাউদাউ আগুন। বাসের মধ্যে আটকে জীবন্ত দগ্ধ একের পর এক পর্যটক। ভয়াবহ অগ্নিকাণ্ডে তোলপাড় গোটা রাজ্য।

 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায়। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ভোররাতে যমুনা এক্সপ্রেসওয়েতে পর্যটকদের একটি স্লিপার বাসে দাউদাউ আগুন ছড়িয়ে পড়ে। নিমেষের মধ্যে গোটা বাসে আগুন ছড়িয়ে পড়ায় একাধিক পর্যটক বাসেই আটকে পড়েন। তাতেই ঘটে বিপত্তি।

 

চলন্ত বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে কমপক্ষে ৯ জন পর্যটকের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন মহিলাও অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও অনেকেই। বাসটিতে ৩৪ জন পর্যটক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

 

কীভাবে চলন্ত বাসে দাউদাউ আগুন ছড়িয়ে পড়ল, অগ্নিকাণ্ডের কারণ কী, তা সুনির্দিষ্টভাবে এখনও পর্যন্ত জানা যায়নি। বাসটি নয়ডা থেকে উত্তরপ্রদেশের মাহোবায় যাচ্ছিল। দুর্ঘটনার সময় বাসের সকল যাত্রীরাই ঘুমন্ত অবস্থায় ছিলেন।

 

চলন্ত বাসে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ার পরেই আতঙ্কে জানলা দিয়েই ঝাঁপ দিয়ে একাধিক যাত্রী বাঁচার চেষ্টা করেন। তবে সকলেই পালিয়ে বাঁচতে পারেননি। বাসের মধ্যে আটকে, জীবন্ত দগ্ধ হয়েছেন একাধিক যাত্রী।

 

অগ্নিকাণ্ডের খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী ও দমকলের একাধিক ইঞ্জিন। কয়েক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে তারা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ইতিমধ্যেই এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন। আহতদের যথাযথ চিকিৎসার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি দুর্ঘটনায় মৃত পর্যটকদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.