বাস-ট্রাক সংঘর্ষে মা-মেয়ে নিহত

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় হানিফ পরিবহনের বাস ও বাঁশ বোঝাই ট্রাকের সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের কমপক্ষে ৩০ যাত্রী। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে রংপুর-বগুড়া মহাসড়কের অভিরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের রামপুর গ্রামের মৃত খোকা মিয়ার স্ত্রী রাহেলা বেগম (৭০) ও তার মেয়ে শেফালী বেগম (৪০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত মা-মেয়ে বাজার করার জন্য অভিরাম বাজারে যাচ্ছিলেন। এ সময় পঞ্চগড় থেকে চট্টগ্রামগামী হানিফ পরিবহনের একটি বাস বিপরীতগামী বাঁশ বোঝাই ট্রাকের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাসটি উল্টে গিয়ে পথচারী মা মেয়ে গুরুতর আহত হয়।

পরে এলাকাবাসী আহত মা ও মেয়েকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানেই কিছুক্ষণ পর মেয়ে সেফালী বেগমের মৃত্যু হয়। পরে গুরুতর আহত মা রাহেলা বেগম বেগমকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন জানান, এ ঘটনায় বাস ও ট্রাকের চালক-হেলপার পালিয়ে গেলেও বাস-ট্রাক জব্দ করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.