শেরপুরে ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে আ’লীগের নারী প্রার্থী নাজমুন নাহার জয়ী

শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নাজমুন নাহার ৭ হাজার ৯৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম বেসরকারিভাবে নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্বাচিত নাজমুন নাহারই জেলার প্রথম নারী চেয়ারম্যান হিসেবে বিজয়ী হলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী খলিলুর রহমান শামীম চশমা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৫৭৭ ভোট। সোমবার (১৩ জানুয়ারী) সন্ধ্যায় সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও ভাতশালা ইউনিয়নের উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা তার কার্যালয়ে ওই ফলাফল ঘোষণা করেন।

এছাড়া ভাতশালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাওলানা মোঃ সুরুজ্জামান ঘোড়া প্রতীকে পেয়েছেন ১ হাজার ৯৯৫ ভোট ও অপর প্রার্থী আফছর আলী আনারস প্রতীকে পেয়েছেন ৪৮ ভোট। এর আগে সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত ভাতশালা ইউনিয়নের ১০টি কেন্দ্রের ৬২টি বুথে টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৩জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ বিপুল সংখ্যক পুলিশ, র্যা ব, বিজিবি, আনসার সদস্যশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন। বিচ্ছিন্ন দু’একটি ঘটনা ছাড়া পুরো ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়।

এ ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ২৩ হাজার ৭৮৬ জন। এর মধ্যে নারী ভোটার ১২ হাজার ২৭ জন ও পুরুষ ভোটার ১১ হাজার ৭৫৯ জন। নির্বাচনে ভোট পড়েছে প্রায় ৬৬ শতাংশ। এ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী অংশ নিয়েছিলেন।

উল্লেখ্য, সম্প্রতি এ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় চেয়ারম্যানের পদটি শূন্য হয়। তার প্রেক্ষিতে নির্বাচন কমিশন ইউনিয়নের চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করে এবং নির্বাচনের তফসিল ঘোষণা করে।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.