দুর্নীতি মামলায় আগাম জামিন পেলেন নাজমুল হুদার স্ত্রী ও দুই মেয়ে

লন্ডনে অর্থপাচারের মামলায় আগাম জামিন পেলেন নাজমুল হুদার স্ত্রী ও দুই মেয়ে। সোমবার (১৩ জানুয়ারি) আট সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

এর আগে নাজমুল হুদার স্ত্রী সিগমা হুদা, দুই মেয়ে অন্তরা সেলিমা হুদা ও শ্রাবন্তী আমিনা হুদার বিরুদ্ধে লন্ডনে অর্থপাচারের মামলা করে দুর্নীতি দমন কমিশন। গত ৯ জানুয়ারি দুদকের সহকারী পরিচালক মো. শফি উল্লাহ বাদী হয়ে দুটি মামলা করেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী। অন্যদিকে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশিদ আলম খান। দুই মামলাতেই সিগমা হুদাকে আসামি করা হয়।

এদিকে একটি মামলায় সিগমা হুদা ও অন্তরা সেলিমা হুদার বিরুদ্ধে অভিযোগে বলা হয়, চার কোটি ছয় লাখ ৬০ হাজার টাকা যুক্তরাজ্যে পাচার করেন তারা। সেই অর্থ দিয়ে লন্ডনের ওয়াটার গার্ডেনসের বারউড প্যালেসে ২০০৩ সালের ২৬ জুন একটি ফ্ল্যাট কিনেন। অন্য মামলার অভিযোগে বলা হয়, সিগমা হুদা ও শ্রাবন্তী আমিনা হুদা জ্ঞাত আয় বহির্ভূত দুই কোটি ৬৭ লাখ ৫০ হাজার টাকা যুক্তরাজ্যে পাচার করেন। ওই অর্থ দিয়ে তারা ২০০৬ সালের ১২ ডিসেম্বর লন্ডনের হেলনি কোর্টের ডেনহাম রোডে একটি ফ্ল্যাট কিনেছেন বলে অভিযোগ করে দুদক।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.