আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের নবম শ্রেণির ছাত্র নাইমুল আবরারের অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে করা মামলায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমানসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। দেশে বাক্স্বাধীনতার ওপর একের পর এক যেসব আঘাত আসছে, তা থেকে মামলাটিকে পৃথক করে দেখার কোনো অবকাশ নেই। এই মামলায় প্রথম আলো সম্পাদকসহ সব অভিযুক্ত ব্যক্তির পরিপূর্ণ আইনগত প্রতিকার ও সম্পূর্ণ প্রভাবমুক্ত ন্যায়বিচার পাওয়ার অধিকার অবারিত রাখার দাবি জানাই। একই সঙ্গে এ ধরনের মামলাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাক্স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতাকে রুদ্ধ করার কাজে ব্যবহার করার চেষ্টা থেকে সবাইকে বিরত থাকারও আহ্বান জানাচ্ছি।মামলাটি দায়েরের আগে-পরে এ বিষয়ে যেভাবে সরকারের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বক্তব্য দিয়েছেন এবং এই মামলায় প্রথম আলো সম্পাদককে যেভাবে সম্পৃক্ত করা হয়েছে, তাতে মামলাটি আমাদের কাছে উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে হয়েছে। আমরা জোর দাবি জানাচ্ছি , ‘প্রথম আলোর সম্পাদকসহ ১০ জনের বিরুদ্ধে আইনি কার্যক্রম যেন সঠিক পদ্ধতি মেনে চলে, সেটি নিশ্চিত করতে বাংলাদেশের সরকারকে সম্ভাব্য সব সতর্কতামূলক পদক্ষেপ নিতে হবে। কোনো পদক্ষেপ নেওয়ার আগে সরকারকে অবশ্যই সংযম প্রদর্শন করতে হবে, যেন বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতার ওপর কোনো বাধা না আসে, এবং রাজনৈতিক উদ্দেশ্যে কোন প্রতিহিংসার চরিতার্থ করার প্রয়াস না থাকে। বিবৃতিতে স্বাক্ষর দাতারা হলেন শুদ্ধস্বর ডটকমের সম্পাদকমণ্ডলী হাবিব বাবুল, সৌরভ আদনান খান, বুলবুল তালুকদার, আইরিন পারভিন, এবং লন্ডন থেকে জনজীবন পত্রিকার সম্পাদক সমীর উদ্দিন, লেখক সাংবাদিক ডাঃ গিয়াস উদ্দিন আহেমদ প্রমুখ।
শুদ্ধস্বর/বিএস

