বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন জানিয়েছেন, চীনের ২২টি প্রতিষ্ঠান থেকে অন্তত ৩৭০ শিক্ষার্থী বাংলাদেশে ফিরতে চেয়ে নিজেদের নাম তালিকাভুক্ত করেছে। তাদের বেশিরভাগই চীনের উহান শহরে আটকা পড়েছেন।পররাষ্ট্রমন্ত্রী আরো জানান, চীনা কর্তৃপক্ষ বাংলাদেশকে আশ্বস্ত করেছে যে যদি কোনো বিদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হন তাহলে তার চিকিৎসার সকল ব্যয় কমিউনিস্ট রাষ্ট্রটি নিজেই বহন করবে। এর আগে ড. মোমেন বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরামের সমাপনী অনুষ্ঠানে যোগ দেন।
কর্মকর্তারা জানিয়েছেন, ইচ্ছুক শিক্ষার্থীদের ফিরিয়ে আনতে বেইজিংস্থ বাংলাদেশ দূতাবাস কাজ করছে এবং একটি তালিকা তৈরি করছে। পরিকল্পনা অনুযায়ী, বাংলাদেশি নাগরিকদের উহান শহর থেকে বিমানবন্দর পর্যন্ত আনা হবে। এরপর বাংলাদেশ তাদের জন্য বাণিজ্যিক বিমান পাঠাবে দেশে ফিরিয়ে আনতে। তারা কবে নাগাদ দেশে ফিরবেন এমন প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীনের সরকার অনুমতি দিলেই তাদেরকে ফিরিয়ে আনা হবে। দেশের ফেরার পর তাদের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেবে স্বাস্থ্য মন্ত্রণালয়।
শুদ্ধস্বর/আইপি

