করোনাভাইরাসের আক্রমণে মৃত্যুর সংখ্যা বাড়ছে চীনে । সে দেশের জাতীয় স্বাস্থ্য সংস্থার হিসেব বলছে, রবিবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৬। গত ২৪ ঘণ্টায় ফের নতুন করে মৃত্যু হয়েছে ১৫ জনের। তাঁদের মধ্যে ১৩ জনই হুবেই প্রদেশের। শুধুমাত্র হুবেই প্রদেশেই এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৫২ জনের। অন্য দিকে, সাংহাইয়ে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এক জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।আক্রান্তের সংখ্যাটাও বাড়ছে হু হু করে। এই সংখ্যাটা প্রায় দু’হাজার।
ইতিমধ্যেই এই ভাইরাস চীনের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গিয়েছে থাইল্যান্ড, ভিয়েতনাম, সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, নেপাল, মালয়েশিয়ায়। সংক্রমণ ছড়িয়েছে ফ্রান্স, অস্ট্রেলিয়া এবং আমেরিকাতেও। যে গতিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে চীনে , তা সামাল দিতে রীতিমতো চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে সরকারকে। প্রেসিডেন্ট শি চিনফিং ‘গম্ভীর পরিস্থিতি’ আখ্যা দিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কী ভাবে এই পরিস্থিতি সামাল দেওয়া যায় প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে তা নিয়ে জরুরি বৈঠকও করেছেন শি।
চীনের জাতীয় স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, উহানের এই পরিস্থিতি সামাল দিতে ১২৩০ জনের ৬টি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। হুবেই প্রদেশে ছয় দিনের মধ্যে হাজার শয্যার হাসপাতাল তৈরি করে আক্রান্তদের চিকিত্সা চালানো হচ্ছে। হুবেই প্রদেশে আক্রান্তের সংখ্যা ৬৫৮। তাঁদের মধ্যে ৫৭ জনের অবস্থা আশঙ্কাজনক।
শুদ্ধস্বর/আইপি

