‘মৃত্যুঘণ্টা বাঁজছে, উনারা টের পাচ্ছেনঃমান্না

 

ক্ষমতাসীন সরকার চলে না গেলে ছাত্র সমাজ তাদের বিদায় ঘণ্টা বাজিয়ে দেবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতা এবং নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ মহিলা বিজ্ঞান সমিতির উদ্যোগে ‘ছাত্র রাজনীতি : অতীত, বর্তমান ও ভবিষ্যত’ শীর্ষক এই আলোচনা সভায় এ কথা বলেন মান্না।

মান্না বলেন, ‘মৃত্যুঘণ্টা বাঁজছে, উনারা টের পাচ্ছেন। আমরা এখনো অনেকে টের পাচ্ছি না।  আমাদের এখন সাহস করে বলা দরকার “এনাফ ইজ এনাফ”। ১০ বছর জবর-দখল করে রেখেছেন। এবার ভালোয় ভালোয় চলে যান। যদি চলে না যান এই ছাত্র সমাজ তাদের বিদায়ের ঘণ্টা বাজিয়ে দেবে।’

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের প্রসঙ্গে নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, ‘এগুলো ভিসি না, ওসি; বিশ্ববিদ্যালয়গুলোতে যারা আছেন। একেকজন ভিসি মনে হয় আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সর্বকনিষ্ঠ সদস্য।’

আলোচনা সভায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রসঙ্গ তুলে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ভিসিকে রক্ষা করার জন্য এত চেষ্টা করছে কেন? খোদ প্রধানমন্ত্রী কোন তার পক্ষে দাঁড়িয়েছেন। মাথার মধ্যে চিন্তা ঢুকেছে, বরিশাল রাখতে পারলাম না, গোপালগঞ্জ রাখতে পারলাম না, জাহাঙ্গীনগর, তাও আবার ছোট বোনের বান্ধবী! তাকেও যদি রাখতে না পারি, তাহলে তো কিছুই রাখতে পারব না। অ্যান্ড ইট ইজ দ্য ফ্যাক্ট।  অবস্থা সেদিকে যাচ্ছে।’

ছাত্ররাজনীতির বিষয়ে ঐক্যফ্রন্টের এই নেতা বলেন, ‘ছাত্ররা রাজনীতি করবে, জাতীয় রাজনীতি করবে। যদি পেঁয়াজের দামের কথা বলে, যদি চালের দামের কথা বলে, যদি অন্য যেকোনো জিনিসের মূল্য বৃদ্ধি কথা বলে। তাহলে বেগম জিয়ার মুক্তির দাবি করতে পারে তারা। এটা তো দলীয় লেজুড়বৃত্তি করা হয়ে গেল। তখন আপনারাই বলবেন, দলীয় লেজুড়বৃত্তি চলবে না। তাহলে বেগম জিয়া জেল খাটতে খাটতে মারা যাবেন, ছাত্ররা তাকিয়ে তাকিয়ে দেখবেন। ওই রকম ছাত্র রাজনীতি আমাদের দেশে কখনো হয়নি।’

সংগঠনের সভানেত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ও প্রকৌশল অনুষদের সাবেক ডিন অধ্যাপক শাহিদা রফিকের সভাপতিত্বে ও মোকছেদুর রহমান আবিরের পরিচালনায় আলোচনা সভায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক দিলারা চৌধুরী, বিএনপির যুগ্ম মহাসচিব ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, ডাকসুর ভিপি নুরুল হক নূর, স্বাধীনতা ফোরামের আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।

শুদ্ধস্বর/এইচ বি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.