প্রতিদিন এক-দেড় হাজার টন পিয়াজ আমদানি হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

প্রতিদিন এক থেকে দেড় হাজার টন পিয়াজ আমদানি করা হচ্ছে। শিগগিরই পিয়াজের বাজার নিয়ন্ত্রণে আসবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বুধবার (২৭ নভেম্বর) সকালে রংপুর জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি বলেন, ইতিমধ্যে আড়াই হাজার টন পিয়াজের একটি চালান এসেছে। আরও কয়েকটি চালান আসার অপেক্ষায় রয়েছে। বাজার নিয়ন্ত্রণে সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে।

টিপু মুনশি বলেন, আমদানি করা পিয়াজ ছাড়াও আগামী কয়েক দিনের মধ্যে বাজারে দেশি পিয়াজের সরবরাহ স্বাভাবিক হবে। এতে সৃষ্ট পিয়াজের সংকট খুব অল্প সময়ের মধ্যে নিরসন হবে। ২-৩ বছরের মধ্যে দেশ পিয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হলে কৃষককে ভালো দাম দিতে বিদেশ থেকে পিয়াজ আমদানী বন্ধ করে দেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
রংপুর বিভাগীয় কমিশনার কেএম তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক একেএম রুহুল আমিন। অনুষ্ঠানে নিরাপদ অভিবাসন, উত্তরবঙ্গ থেকে জনশক্তি রপ্তানীর উপর বিশদ আলোচনা করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের অনুষ্ঠান শেষে বাণিজ্যমন্ত্রী জিলা স্কুল মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরাল পরিদর্শনে যান। সেখানে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের নব-নির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে জাতির জনকের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় দলের নেতা-কর্মীদের সকল বিভেদ ভুলে সু-সংগঠিত হয়ে এলাকার উন্নয়নসহ ত্যাগী নেতাদের প্রতি বিনয়ী হবার আহ্বান জানান।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.