প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমকে পাঁচদিনের সিবিআই হেফাজতে পাঠাল সিবিআইয়ের বিশেষ আদালত। সকাল থেকে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর, আজ বিকেল তিনটে নাগাদ প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীকে আদালতে পেশ করা হয়। প্রাক্তন অর্থমন্ত্রীকে ৫ দিনের হেফাজতে চেয়েছিল সিবিআই। সিবিআইয়ের দাবি মেনে, তাঁকে পাঁচদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের সুযোগ দিল বিশেষ আদালত। অর্থাৎ আগামী ২৬ আগস্ট পর্যন্ত সিবিআইয়ের লক আপেই থাকবেন প্রাক্তন অর্থমন্ত্রী। এবার দফায় দফায় জেরা করা হবে তাঁকে। এবং পাঁচদিন পর ফের তাঁকে বিশেষ আলাদতে পেশ করা হবে।
আদালতে সিবিআইয়ের হয়ে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি বলেন, তদন্তে অসহযোগিতা করেছেন চিদম্বরম। মামলার গুরুত্ব বুঝে তাঁকে এখনই ছাড়া যাবে না। হেফাজতে নিলে সদর্থক তদন্ত হবে। সলিসিটর জেনারেল জানিয়েছেন, গত আগস্টে চিদম্বরমকে এই মামলা সম্পর্কিত সমস্ত নথি পেশ করার নির্দেশ দেওয়া হয়েছিল, তিনি তখন কিছু জমা দেননি। শুধু তাই নয়, গতকাল থেকে যখন তাঁকে জেরা করা হচ্ছিল, তখনও তিনি সব প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিয়েছেন। নীরব না থাকলেও কোনও প্রশ্নের সহজ উত্তর দেননি তিনি। কংগ্রেসের অভিযোগ ছিল, কোনওরকম গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই চিদম্বরমকে গ্রেপ্তার করেছে। সেই অভিযোগের পালটা সলিসিটর জেনারেল জানিয়ে দেন, গ্রেপ্তার করার আগে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।
শুদ্ধস্বর/আইপি

