অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ডেঙ্গু আমার হয়েছিলোা তাই এটা আমি বুঝি। এটা ছিলো আমার জীবনের চরম সঙ্কটের দিন। আমি ডেঙ্গু জ্বরে ভয়ানকভাবে অসুস্থ হয়েছিলাম। আর কারও যেন ডেঙ্গু রোগ না হয় সেই প্রার্থনা করেন অর্থমন্ত্রী।
সোমবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ডেঙ্গু নিয়ে কোনো হাসি ঠাট্টা করা যাবে না। ডেঙ্গুতে ভয় না পেয়ে তাৎক্ষণিকভাবে চিকিৎসা করাতে হবে। বার বার প্লাটিলেট পরীক্ষা করতে হবে। এ বিপদ থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে। ডেঙ্গুর প্রকোপ থেকে দেশকে রক্ষা করতে সবার প্রতি আহবান জানান তিনি।
তিনি বলেন, আবহাওয়া পরিবর্তনের জন্য এডিস মশা বৃদ্ধি পেয়েছে।
সেপ্টেম্বর পর্যন্ত এ ধরনের জলবায়ু থাকবে। এ মশা বেশি ঠান্ডা ও বেশি গরমে মারা যায়। ২৫ থেকে ২৯ ডিগ্রি তাপমাত্রায় এডিস মশা বেশি হয়। একই সঙ্গে প্রতিদিন বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে এডিস মশার প্রাদুর্ভাব বেশি বলে মনে করেন অর্থমন্ত্রী।
উল্লেখ্য, গত মাসের শুরুর দিকে ঢাকায় ডেঙ্গু প্রকোপ শুরু হলে আক্রান্ত হন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ১৩ই জুন জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের দু’দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। হাসপাতাল থেকে সরাসরি সংসদে যান অর্থমন্ত্রী, কিন্তু বাজেট অধিবেশনে কিছুক্ষণ পর অসুস্থ হয়ে পড়ায় তার পরিবর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজেট উপস্থাপন করেন।
শুদ্ধস্বর/বিটি

