চিকিৎসকদের প্রত্যাশা অনুযায়ী এরশাদের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে নাঃ জিএম কাদের

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে বলে জানিয়েছেন পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি। তিনি বলেন, চিকিৎসকদের প্রত্যাশা অনুযায়ী তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে না। তার ফুসফুস ও কিডনির সমস্যা রয়ে গেছে। তবে উন্নতির আশা করছেন চিকিৎসকরা।

বৃহস্পতিবার বেলা ১২টায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা সম্পর্কে সর্বশেষ গণমাধ্যমকে ব্রিফিং করেন জিএম কাদের।

তিনি চিকিৎসকদের বরাত দিয়ে বলেন, চিকিৎসকদের প্রত্যাশানুযায়ী শারীরিক উন্নতি হচ্ছে না পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের। তবে সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) চিকিৎসকরা তাকে বিশ্বমানের চিকিৎসা দিয়ে যাচ্ছেন। এখানকার চিকিৎসকরা দেশি-বিদেশি বিশেষজ্ঞের সঙ্গে আলাপ-আলোচনা করেই পল্লীবন্ধুর চিকিৎসা দিচ্ছেন। সিএমএইচের চিকিৎসকরা মনে করলেই তাকে বিদেশ নেয়া হবে অথবা বিদেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক ডাকা হবে।

জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এরশাদের ফুসফুসের সংক্রমণ প্রত্যাশানুযায়ী কমছে না। প্রয়োজন অনুযায়ী কিডনি কাজ করছে না। এ কারণে তার শরীরে কিছুটা পানি জমেছে। কিন্তু সিএমএইচের বিশেষজ্ঞ চিকিৎসকরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদকে চিকিৎসা দিতে। তিনি বলেন, পল্লীবন্ধুকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।

আগামীকাল শুক্রবার দেশের সব মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ ধর্মীয় প্রতিষ্ঠানে হুসেইন মুহম্মদ এরশাদের রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করতে দলীয় নেতাকর্মী এবং দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

সংবাদ সম্মেলনে পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, মাসুদ উদ্দিন চৌধুরী, আলমগীর সিকদার লোটন, উপদেষ্টা ড. মো. নুরুল আজাহার, সম্পাদকমণ্ডলীর সদস্য- মো. বেলাল হোসেন, মঞ্জুরুল হক, এমএ রাজ্জাক খান, জাকির হোসেন মিলন, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট তৈয়ব, আনোয়ার হোসেন প্রমুখ।

শুদ্ধস্বর/আইপি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.