জামালপুরের বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ৬টার দিকে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের ঠাকুরপাড়া এলাকায় ঢাকা-বকশীগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নিলক্ষিয়া ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামের মৃত মোকসেদ আলীর স্ত্রী উফেজা বেগম (৬৫) ও তাঁর ছেলে আনোয়ার হোসেনের স্ত্রী ফরিদা বেগম (৪০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা শান্তি পরিবহনের একটি বাস বকশীগঞ্জ হয়ে রৌমারীর দিকে যাচ্ছিল। বাসটি ঠাকুরপাড়া এলাকা অতিক্রম করার সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা উফেজা বেগম ও ফরিদা বেগমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন বাসটি ও চালকের সহযোগী মহিনউদ্দিনকে আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে এবং এর হেলপার মহিনউদ্দিনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।

