ফ্রান্স ও বাংলাদেশের সাংবাদিকদের মধ্যে পেশাগত যোগাযোগ ও সহযোগিতা জোরদারের লক্ষ্যে ঢাকায় প্রেসেনজা বাংলাদেশের টিমের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে আন্তর্জাতিক সংবাদ সংস্থা প্রেসেনজা ফ্রান্সের প্রতিনিধিত্ব করেন এনকে নয়ন। আলোচনায় সাংবাদিকতার বর্তমান চ্যালেঞ্জ, স্বাধীন ও দায়িত্বশীল সংবাদমাধ্যম, দুই দেশের গণমাধ্যমকর্মীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং ভবিষ্যতে যৌথভাবে কাজ করার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন প্রেসেনজার সম্পাদকীয় প্যানেলের সদস্য ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির বিতর্ক ক্লাবের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আরিফ, সম্পাদকীয় প্যানেলের সদস্য ও জ্যেষ্ঠ সাংবাদিক মো. বায়োজিদ যশোরী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও প্রেসেনজা বাংলাদেশের পরিচালনা পর্ষদের সদস্য মাইনুল হাসান সোহেল এবং পরিচালনা পর্ষদের সদস্য কাওসার আহমেদ। এ ছাড়া প্রেসেনজা বাংলাদেশের আরও কয়েকজন সাংবাদিক ও সদস্য উপস্থিত ছিলেন।
আলোচনায় ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে দেশের সাংবাদিকদের পেশাগত যোগাযোগ বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায়। প্রবাসী বাংলাদেশিদের জীবনযাপন, অভিবাসন, সামাজিক কর্মকাণ্ড, ব্যবসা-বাণিজ্য এবং বাংলাদেশ-ফ্রান্সের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে তথ্য ও অভিজ্ঞতা বিনিময়ের ওপরও গুরুত্ব দেওয়া হয়।
সংশ্লিষ্টরা বলেন, বাংলাদেশ ও ফ্রান্সের গণমাধ্যমকর্মীদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দুই দেশের সংবাদমাধ্যমে পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি হতে পারে। একই সঙ্গে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের বিভিন্ন কর্মকাণ্ড ও অর্জন বাংলাদেশের পাঠকদের কাছে আরও কার্যকরভাবে7 তুলে ধরার সুযোগ বাড়বে।
মতবিনিময় শেষে প্রেসেনজা ফ্রান্সের প্রতিনিধি এনকে নয়ন তাঁর লেখা দুটি বই—‘জীবনের ছাপ’ ও ‘আশা এবং আমার সংগ্রাম’—উপস্থিত সাংবাদিকদের উপহার দেন। বই দুটি বাংলা ও ফরাসি ভাষায় লেখা।
মতবিনিময়ে অংশ নেওয়া সাংবাদিকরা বাংলাদেশ ও ফ্রান্সের গণমাধ্যমকর্মীদের মধ্যে পেশাগত যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
রাকিবুল ইসলাম, শুদ্ধস্বর ডটকমের ফ্রান্স প্রতিনিধি।

