বাজেটে জনকল্যাণের কিছু নেই: মান্না

২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে বড় লোক তোষণের বাজেট বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, এতে জনকল্যাণের কিছু নেই। আছে কিছু স্বপ্ন বিলাস।

রবিবার জাতীয় প্রেসক্লাবে এবারের বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে নাগরিক ঐক্যের আহ্বায়ক এসব কথা বলেন।

বাজেটের সমালোচনা করে মান্না আরও বলেন, গরিবের কাছ থেকে টাকা নিয়ে বড় লোকের হাতে তুলে দেওয়ার এ বাজেট। দুর্বৃত্তদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে অর্থনীতিকে আরও ভঙ্গুর করে দেবে।

বাজেটকে বড়লোক তোষণের বাজেট, লুটেরাদের বাজেট উল্লেখ করে তিনি বলেন, বাজেটে সম্পদের বৈষম্য কমানোর ন্যূনতম কোনো দিক নির্দেশনা নেই।

বরং যে পদক্ষেপে নেওয়া হয়েছে তাতে বৈষম্য আরও বাড়বে।

বাজাটে ১০ শতাংশ ট্যাক্স দিয়ে কালো টাকা সাদা করার সুযোগেরও সমালোচনা করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক। লিখিত বক্তব্যে তিনি বলেন, বাজেট ঘাটতি মেটানোর ঋণ অর্থনীতিতে ঝুঁকি তৈরি করবে; পরোক্ষ করের আধিক্য রাষ্ট্রের প্রায় সব মানুষের ওপর চাপ তৈরি করবে; খেলাপি ঋণ কমানো এবং ব্যাংকিং সেক্টরের সংস্কারের কোনো পদক্ষেপ নেই; প্রায় প্রণোদনাহীন শেয়ার বাজার; কালো টাকা সাদা করার সুযোগ অসৎ হবার জন্য রাষ্ট্রীয় প্ররোচনা; দুর্নীতির প্রকোপ, সুশাসনের অভাবের কারণে উন্নয়ন বাজেটের একটা বড় অংশ বাস্তবায়িত হয়নি; বন্টনের সীমাহীন বৈষম্য শুধু ব্যক্তিতে নয়, জেলায়ও আছে; দুর্বৃত্তদের সুযোগ সুবিধা দেবে এ বাজেট; এতে দেশ অর্থনৈতিক সংকটে পড়বে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নাগরিক ঐক্যের প্রধান উপদেষ্টা এস এম আকরাম, কেন্দ্রীয় সমন্বয়ক শহীদুল্লাহ কায়সার, কেন্দ্রীয় সদস্য মমিনুল ইসলাম, ডাঃ জাহেদুর রহমান প্রমুখ।

শুদ্ধস্বর/এন.হাসান

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.