তিনি কেন নির্দেশ দিবেন,আইনশৃঙ্খলা বাহিনী কোথায়? সেলিমা রহমান

বরগুনায় রিফাতকে কুপিয়ে হত্যাকারীদের গ্রেপ্তারে প্রধানমন্ত্রীর নির্দেশনা প্রমাণ করে দেশে কোনো ন্যায়বিচার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়োজিত প্রতিহিংসার রাজনীতি ন্যায়বিচার এবং বেগম খালেদা জিয়া শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
সেলিমা রহমান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ দিয়েছে। কেন তিনি নির্দেশ দিবেন? আইনশৃঙ্খলা বাহিনী কোথায়? রক্ষার দায়িত্বশীলরা কোথায় গেলেন? যাদের দায়িত্ব তারা কেন পালন করছেন না? এর মানে দেশে ন্যায়বিচার নেই।

বিএনপির এই নেতা বলেন, সবাই দেখেছেন বরগুনায় কিভাবে প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে রিফাতকে হত্যা করা হয়েছে। সাধারণ মানুষও এগিয়ে আসেনি। পুলিশ তো আসেইনি। আজকে মূল্যবোধ হারিয়ে গেছে। ডিজিটাল বাংলাদেশের নামে, বড় প্রজেক্টের নামে ন্যায়বিচার আড়াল হয়ে গেছে। এখনো সাগরে রুনির বিচার হয়নি।

কারণ বিচারহীনতা। বিচারব্যবস্থা শেষ করে দিয়েছে সরকার। তারা দুর্নীতি দিয়ে বড় হওয়ার পথে আছে। গত দশ বছরের কথা বাদ দিলাম। গত এক বছরে যেসব ঘটনা ঘটেছে তার কোনো বিচার হয়নি। কারণ ন্যায়বিচার নেই।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মাধ্যমে দেশে ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। তার জন্য প্রতিরোধ গড়ে তুলতে হবে। তার জন্য কথা বলতে হবে।

আয়োজক সংগঠনের উপদেষ্টা হাজী মাসুক মিয়ার সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপি’র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, শাহ মোহাম্মদ নেসারুল হক, বিলকিস ইসলাম, কৃষক দলের সদস্য মোজাম্মেল হক মিন্টু প্রমুখ বক্তব্য দেন।

শুদ্ধস্বর/এইচ বি

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.