আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন যুবরাজ সিংহ

দ্য ওভালে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দেওয়ার পরে গোটা দেশ আনন্দে মাতোয়ারা। এর মধ্যেই আজ, সোমবার দেশের বাণিজ্য নগরীতে ব্যাট-প্যাড তুলে রাখার সিদ্ধান্ত জানিয়ে দিলেন যুবরাজ সিংহ।

অথচ এমনটা তো হওয়ার কথা ছিল না। পঞ্জাবতনয় স্বয়ং চেয়েছিলেন, ২০১৯ সালের পরে তিনি অবসরের সিদ্ধান্তের কথা জানিয়ে দেবেন। মানুষ যা ভাবে তা তো সব সময়ে হয় না। মহেন্দ্র সিংহ ধোনি, বিরাট কোহালিরা যখন রাণীর দেশে নিজেদের নিংড়ে দিচ্ছেন, ঘাম ঝরাচ্ছেন, তখন যুবরাজ হৃদয়বিদারক সিদ্ধান্তটা নিয়ে ফেললেন।

গত কয়েক বছর ধরে তাঁর অবসর নিয়ে কম জলঘোলা হয়নি। শেষের দিকে প্রায় প্রতিটি সাংবাদিক বৈঠকেই নিয়ম করে তাঁকে প্রশ্ন ছুড়ে দেওয়া হত, ‘‘কবে অবসব নেবেন?’’ চুপ করে থাকতেন যুবি। একই প্রশ্ন শুনতে শুনতে বিরক্ত বাঁ হাতি অলরাউন্ডার এক বার বলে ফেলেছিলেন, ‘‘একটা সময়ের পর সবাইকেই সিদ্ধান্ত নিতে হয়। ২০০০ সাল থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেট খেলছি। ১৭-১৮ বছর হয়ে গেল। ২০১৯-এর পর আমি এই ব্যাপারে ভাবব।’’ কথা কিন্তু রাখলেন না দেশের হয়ে ৪০টি টেস্ট, ৩০৪টি ওয়ানডে ও ৫৮টি টি টোয়েন্টি খেলা যুবি। সংবাদ সূত্র আনন্দবাজার পত্রিকা ।

শুদ্ধস্বর/আইপি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.