বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেকে হতাশার কথা বলেন, আমি হতাশায় বিশ্বাস করি না। শহীদ জিয়ার চিন্তা ও আদর্শ এবং খালেদা জিয়ার অবদান ব্যর্থ হওয়ার নয়। আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার শপথ নিতে হবে।কাজেই বিভেদ বিভাজন নয়, বিএনপি ঘুরে দাঁড়াবে বলে আমার বিশ্বাস।
বুধবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৮তম শাহাদাত বার্ষিকীর আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই শাহাদাত বার্ষিকীতে আমাদের শপথ নিতে হবে যে, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব, বিভক্তির চিন্তা করব না, আমরা কোনো বিভাজনের চিন্তা করব না।
‘আমরা শহীদ জিয়ার আদর্শকে অনুসরণ করে বিএনপিকে একটি শক্তিশালী সংগঠনে পরিণত করে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে কাজ করব’-বলেন ফখরুল।
বিএনপি মহাসচিব বলেন, দেশের মানুষ জিয়াউর রহমানকে ভালোবাসেন, খালেদা জিয়াকে ভালোবাসেন, অবশ্যই তারা উঠে দাঁড়াবেন, বিএনপি উঠে দাঁড়াবে, খালেদা জিয়াকে মুক্ত করে গণতন্ত্রকে পুনরুদ্ধার করবে।
শুদ্ধস্বর/এন.হাসান

