জাতীয় ঐক্যফ্রন্টকে ২০ দলের চাইতে বেশি গুরুত্ব দেয়ায় ভাঙ্গনের সুর বাজতে শুরু করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে।
অবজ্ঞা, অবহেলার অভিযোগ এনে গতকাল বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ছাড়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
পার্থের ঘোষণার দেয়ার একদিন পর আজ জোট থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।
মঙ্গলবার ডা. মোস্তাফিজুর রহমান ইরান গণমাধ্যমকে বলেন, আমরা বিএনপিকে ড. কামালের ঐক্যফ্রন্ট ছাড়ার জন্য এবং কারাবন্দি বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য কর্মসূচি দিতে আগামী ২৩শে মে পর্যন্ত আল্টিমেটাম দিচ্ছি। এর মধ্যে বিএনপি সিদ্ধান্ত না নিতে পারলে ২৪ তারিখে আমরা আমাদের সিদ্ধান্ত নেবো।
তিনি বলেন, শুধু আমার দল নয়, আমি যদি ২০ দলীয় জোটে না থাকি তাহলে আরও অন্তত ৪-৫টি দল এই জোট থেকে বেরিয়ে যাবে।
শুদ্ধস্বর/এন.হাসান

