সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে অবৈধ বোমা মেশিন বন্ধে জেলা প্রশাসনের টাস্কফোর্সের অভিযানে হামলা চালিয়েছে পাথর ব্যবসায়ীরা। দুই দফার হামলায় পুলিশ ও বিজিবির অন্তত ১২ সদস্য আহত হয়েছেন। এ সময় পুলিশ ও বিজিবি সদস্যরা আত্মরক্ষার্থে প্রায় ৪০-৫০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
সোমবার বেলা আড়াইটার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার লিলাইবাজার এলাকায় অভিযান চলাকালে হামলার শিকার হন টাস্কফোর্স সদস্যরা। আহতদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছে।
স্থানীয় একটি সূত্র জানায়, টাস্কফোর্সের ওপর হামলায় নেতৃত্ব দেন স্থানীয় যুবলীগ নেতা আলাউদ্দিন, আলিম উদ্দিন, শাহাব উদ্দিন ও বিল্লাল উদ্দিন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা জানান, অবৈধভাবে বোমা মেশিনে পাথর উত্তোলনের বিরুদ্ধে সোমবার বেলা ১টা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী, থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলামের নেতৃত্বে টাস্কফোর্সের অভিযান শুরু হয়। অভিযানের একপর্যায়ে পাথর ব্যবসায়ীদের সংঘবদ্ধ একটি চক্র টাস্কফোর্সের ওপর হামলা চালায়।

