খালেদা জিয়ার বিরুদ্ধে আবার গ্রেফতারি পরোয়ানা

ধর্মীয় উসকানির অভিযোগে করা চার বছর আগের এক মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মোহাম্মদ জসিম এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গ্রেপ্তারি পরোয়ানা তামিল প্রতিবেদনের জন্য আগামী ১৮ই ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

২০১৪ সালের ২১শে অক্টোবর খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকা মুখ্য মহানগর হাকিম মোস্তাফিজুর রহমানের আদালতে নালিশি মামলাটি করেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী। মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৪ সালের ১৪ই অক্টোবর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে হিন্দু সম্প্রদায়ের শুভ বিজয়ার অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতার মুখোশ পরে আছে। আসলে দলটি ধর্মহীনতায় বিশ্বাসী। আওয়ামী লীগ সব ধরনের মানুষের ওপর আঘাত করে। আর লোক দেখানো ধর্মনিরপেক্ষতার কথা বলে ধর্মীয় প্রতিষ্ঠান দখল করে নেয়। ধর্মনিরপেক্ষতার মুখোশ পরা এ জবর-দখলকারী সরকারের হাতে কোনো ধর্মের মানুষই নিরাপদ নয় বলে মন্ত্যব করেন তিনি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.