একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, আপনারা সংবিধান ও আইনের ভিত্তিতে দায়িত্ব পালন করবেন। মূলত সাংবিধানিক দায়িত্ব ও স্বাধীনতার ক্ষেত্রে আজ থেকেই নির্বাচনী ডামাঢোল শুরু হয়ে গেল। বাকিটা মাঠে আপনাদের দায়িত্ব। আপনি স্বাধীন, আপনি নিরপেক্ষ, আপনি বিচারক, বিচারকের মাইন্ড আপনাকে অ্যাপ্লাই করতে হবে।
আজ সোমবার সকালে আগারগাঁওস্থ নির্বাচন ভবনের অডিটরিয়ামে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের ব্রিফিংয়ে এসব কথা বলেন সিইসি। প্রথম ধাপের ব্রিফিংয়ে আজ ২১৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অংশ নিয়েছেন। তিন ধাপে মোট ৬৪০ জন জুডিশয়াল ম্যাজিস্ট্রেটকে ব্রিফ করবে কমিশন। ভোটগ্রহণের আগের দিন, ভোটগ্রহণের দিন এবং ভোটগ্রহণের পরের দুই দিন নির্বাচনের মাঠে নিয়োজিত থাকবেন তারা।

