চিরনিদ্রায় শায়িত অপ্রতিম

কুমিল্লার কোটবাড়ির গন্ধমতি গোরস্থানে দাফন করা হয় অপ্রতিমকে

বুকফাটা আর্তনাদে একমাত্র সন্তান অপ্রতিমকে শেষ বিদায় জানালেন মা-বাবা। স্বজন-প্রতিবেশী ও দেশবাসীর অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত হলো ১৩ বছরের এই কিশোর।

 

রবিবার (২০ সেপ্টেম্বর) দ্বিতীয় জানাজা শেষে কুমিল্লার কোটবাড়ির গন্ধমতি গোরস্থানে তাকে দাফন করা হয়।

 

এর আগে গন্ধমতি ঈদগাহ ময়দানে দ্বিতীয় এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা অংশ নেন। ছিলেন পরিবারের সদস্য ও স্বজনরাও।

বাসার নিচে অপ্রতিমের শেষ বিদায়

 

সকাল ৯টার দিকে কোটবাড়ীর গন্ধমতি এলাকার নুরজাহান ভিলায় অপ্রতিমের লাশবাহী গাড়ি এলে তার সামনে ভিড় করেন স্বজন ও বন্ধুরা। এ সময় ফ্ল্যাটের তৃতীয় তলায় আহাজারি করছিলেন অপ্রতিমের মা নাহিদা বেগম। পৌনে ১০টার দিকে লাশবাহী গাড়িটি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠের উদ্দেশে বাড়ি ছেড়ে যায়।

 

গত শুক্রবার দুপুরে বন্ধুদের সঙ্গে ছবি তুলবে বলে মায়ের আইফোন নিয়ে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় অপ্রতিম। নিখোঁজের প্রায় ২১ ঘণ্টা পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশে সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের জঙ্গলে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বাদী হয়ে মামলা করেছেন। সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম মামলা দায়েরর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

পুলিশ এ ঘটনায় তিনজনকে আটক করেছে। দুপুরে এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.